সিসি নিউজ : মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের একটি মামলা দায়ের করা হয়েছে। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আইনজীবী আবদুল মালেক ওরফে মশিউর মালেক আজ রবিবার সকালে ঢাকার মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে ওই আবেদন করেন। মহানগর হাকিম আশিকুর রহমান তার আর্জি শুনে দুপুরে নথি পর্যালোচনার জন্য সময় রেখেছেন।
মশিউর বলেন, ‘রাষ্ট্র ও রাষ্ট্রভিত্তির বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগে দণ্ডবিধির ১২৩-এর (ক) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
চলতি মাসের ২১ ডিসেম্বর রাজধানীতে একটি আলোচনা সভায় খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, আজকে বলা হয় এত লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানা রকম তথ্য আছে।
তার ওই বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া হয়। বক্তব্য প্রত্যাহার করে খালেদাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। এক আইনজীবী উকিল নোটিস পাঠিয়ে খালেদাকে তার বক্তব্য প্রত্যাহার করে নিতে বলেন এবং নড়াইলে বিএনপি চেয়ারপারসনের নামে একটি মামলাও করা হয়।