ঢাকা: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ড চেয়ে রিভিউ আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
মঙ্গলবার বিকেল তিনটার দিকে অ্যাডভোকেট অন রেকর্ড সৈয়দ মাহবুবুর রহমান আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন।
পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ‘আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। এতে সাঈদীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘রিভিউ আবেদনটি ৩০ পৃষ্ঠার। পাঁচটি প্রেক্ষাপটে যুক্তি উপস্থাপন করে আবেদনটি করা হয়েছে।’
এ বিষয়ে সাঈদীর আইনজীবী অ্যাডভোকেট এস এম শাহজাহান বলেন, ‘আমরা রিভিউ করতে চাই না। রাষ্ট্রপক্ষ রিভিউ করলে এরপরই আবেদন করা হবে।’
২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর তৎকালীন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সাঈদীর মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেয়।
অন্য চার বিচারপতি হলেন— বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দীন চৌধুরী।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালে সাঈদীর বিরুদ্ধে গঠিত ২০টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণিত হয়।