কুড়িগ্রাম: জাতীয় পার্টির কুড়িগ্রাম জেলা শাখার সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সংগঠনের গঠনতন্ত্রের ৩৯ ধারায় প্রাপ্ত ক্ষমতাবলে সোমবার তাকে এ পদে নিয়োগ দেন বলে জানিয়েছেন দলের দফতর সম্পাদক সুলতান মাহমুদ।
তিনি বলেন, ‘তাকে(তাজুল ইসলাম) কুড়িগ্রাম জেলার সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে।’
এর আগে তাজুল ইসলাম চৌধুরী দলের দফতর সম্পাদক ও কুড়িগ্রাম জেলার সভাপতি ছিলেন। বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের পক্ষ নিয়ে দলের চেয়ারম্যান এরশাদের বিরুদ্ধে অবস্থান নেন তাজুল চৌধুরী। এর জেরে তাকে দলের দফতর সম্পাদক পদ থেকে বাদ দেওয়া হয়। এরশাদের সঙ্গে বিরোধের একপর্যায়ে তাকে দলের প্রেসিডিয়াম সদস্য ও কুড়িগ্রাম জেলার সভাপতির পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়। কিছু দিন পরে তাকে আবার প্রেসিডিয়াম সদস্য পদে পুনর্বহাল করা হয়।কিন্তু কুড়িগ্রাম জেলা সভাপতির পদ আর ফিরিয়ে দেওয়া হয়নি।