• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন |

ইসির সঙ্গে মোবাইল অপারেটরদের তথ্য যাচাই চুক্তি

64822_1ঢাকা: জাতীয় পরিচয়পত্রের তথ্যের সাথে তাদের গ্রাহকদের সিম নিবন্ধনে আবেদনপত্রের তথ্য যাচাইয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে ছয় মোবাইল ফোন অপারেটর। মঙ্গলবার বিকেলে আগারগাঁওয়ে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এনআইডি শাখার পরিচালক সৈয়দ মোহাম্মদ মুসা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে জানান, ভুয়া পরিচয়ে অথবা নিবন্ধন না করে সিম কিনে নানা অপরাধে ব্যবহারের অভিযোগ বাড়তে থাকায় সম্প্রতি গ্রাহকদের তথ্য যাচাই ও সিম পুনঃনিবন্ধনের উদ্যোগ নেয় সরকার। এরই ধারাবাহিকতায় মোবাইল ফোন কোম্পানি টেলিটক, বাংলা লিংক, সিটিসেল, গ্রামীণ ফোন, রবি ও এয়ারটেল চুক্তির জন্য নির্বাচন কমিশনে আবেদন করে।

তিনি বলেন, ‘আজ ছয়টি মোবাইল কোম্পানির সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি হলো। এর ফলে সিম নিবন্ধনে গ্রাহকের কিছু তথ্য মোবাইল ফোন কোম্পানিগুলো নির্ধারিত পদ্ধতিতে যাচাই করার সুযোগ পাবে।’

তথ্য যাচাইয়ে নির্ধারিত চার্জ ও ফি দিতে হবে মোবাইল কোম্পানিগুলোকে। এক্ষেত্রে ৫ লাখ টাকা এককালীন চার্জ ছাড়াও প্রতিটি তথ্য যাচাইয়ে ইসিকে দিতে হবে দুই টাকা হারে।

ইতোমধ্যে ইসির কাছ থেকে কেন্দ্রীয় ব্যাংক, এনবিআর, পাসপোর্ট অধিদপ্তর ছাড়াও বেসরকারি দুটি ব্যাংক অনলাইন ভেরিফিকেশন সার্ভিস নিয়েছে।

বিটিআরসির হিসাব অনুযায়ী, গত জুলাই পর্যন্ত বাংলাদেশের ছয়টি মোবাইল ফোন অপারেটরের গ্রাহক সংখ্যা প্রায় ১৩ কোটি।

১৮ বছর ও তার বেশি বয়সী ৯ কোটি ৬২ লাখেরও বেশি ভোটারের তথ্য রয়েছে ইসির কাছে।

সিম পুনঃনিবন্ধন ও তথ্য যাচাইয়ের এ কার্যক্রম ১৩ সেপ্টেম্বর শুরু হয়েছে, চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। ২০১৬ সালের এপ্রিলের পর থেকে অনিবন্ধিত সিমের জন্য অপারেটরদের সিম প্রতি প্রায় ৪০০০ টাকা (৫০ ডলার) জরিমানার বিধান কার্যকর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ