চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় (সদর) স্বতন্ত্র প্রার্থী জামায়াতের আমির নজরুল ইসলাম জগ প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচিত হয়েছেন। তিনি ৩১ হাজার ৫০৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সামিউল হক লিটন পান ৩০ হাজার ৫০৪ ভোট।
বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা নজরুল ইসলাম এ ফল ঘোষণা করেন।
এ পৌরসভায় মেয়র পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগের সামিউল হক লিটন, বিএনপির আতাউর রহমান, বিএনপির বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র আব্দুল মতিন, জামায়াতের আমীর (স্বতন্ত্র) নজরুল ইসলাম, জাসদের মনিরুজ্জামান ও জাতীয় পার্টির শাহজাহান আলী। পৌরসভায় মোট ভোটার ১ লাখ ২৫ হাজার ২৬৯। ৫৭টি কেন্দ্রের সবকটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কারিবুল হক রাজিন, রহনপুর পৌরসভায় বিএনপির তারেক আহম্মেদ ও নাচোল পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী আব্দুর রশিদ মেয়র পদে জয়লাভ করেন।