ঢাকা : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল রাজনৈতিক দল যেন দলীয় মনোনয়ন ও প্রতীকে তাদের নিজস্ব প্রার্থী দিতে পারে সে লক্ষ্যে পাঁচ দফা দাবি জানিয়েছেন ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ভাসানীসহ কয়েকটি সংগঠন।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে ভোটার ঐক্য, ন্যাপ ভাসানী, স্বরাজ মঞ্চ, বাংলাদেশ লোকশক্তি ও জাগো বাঙ্গালি আয়োজিত এক মানববন্ধনে এ পাঁচ দফা দাবি তুলে ধরে সংগঠনগুলো।
পাঁচ দফা দাবিগুলো হলো- পৌর নির্বাচনে সময়ের স্বল্পতা ও সাংবিধানিক বাধ্যবাধকতার কথা বলে পাশ কাটিয়ে গেলেও এবার ইউপি নির্বাচনের আগে যথেষ্ট সময় আছে নতুন করে রাজনৈতিক দলসমূহ যেন নিবন্ধন পেতে পারে তার জন্য শর্তসমূহ সহজ করা, ১০টি জেলা ও ২৫টি উপজেলায় রাজনৈতিক দলের কার্যালয় বাধ্যতামূলক করা, স্বতন্ত্র প্রার্থীদের বেলায় ১ শতাংশ ভোটারের লিখিত সমর্থনের ধারাটি রহিত করা, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরাসরি ভোটে একজন নির্বাচিত ভাইস চেয়ারম্যান পদ দেওয়া, ডিসি ও টিএনও এর পরিবর্তে জেলা বা উপজেলা নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সব দলের সমন্বয়ে ১০০ জনের স্বেচ্ছাসেবক নিয়োগ করা।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোসতাক আহমেদ ভাসানী, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, জাগো বাঙ্গালির চেয়ারম্যান শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ লোকশক্তি পার্টির আহ্বায়ক শহীকুল আলম টিটু প্রমুখ।