• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন |

ব্যাংক, বীমাসহ বেশির ভাগ কোম্পানির দরপতন

dse-csse-logo-(new)ঢাকা: ব্যাংক, বীমা, প্রকৌশল, জ্বালানি খাতসহ অন্যান্য খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর কমেছে। বেশির ভাগ কোম্পানির দরপতনে দেশের উভয় বাজারে সূচকের পতন হয়েছে। সূচকের পাশাপাশি উভয় বাজারে লেনদেনের পরিমাণও কমেছে।

বুধবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২৭টি ইস্যুর মধ্যে ৯৯টির দর বাড়লেও কমেছে ১৯৪টির দর। অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর। লেনদেন হওয়া ইস্যুগুলোর মধ্যে ৫৯ শতাংশেরই দর কমেছে। খাতভিত্তিতে সবচেয়ে বেশি দরপতনের শিকার হয়েছে খাদ্য খাত। এ খাতের ১৮টি কোম্পানির মধ্যে ১৩টিরই দর কমেছে। অর্থাৎ এ খাতের ৭২ শতাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে।

দরপতনে এরপরেই রয়েছে ব্যাংকিং খাত। এ খাতের ৭০ শতাংশ কোম্পানির দর কমেছে। লেনদেন হওয়া ৩০টি ব্যাংকের মধ্যে ২১টিরই দর কমেছে। এছাড়া প্রকৌশল খাতের ৩২টি কোম্পানির মধ্যে ২১টির, আর্থিক খাতের ২৩টির মধ্যে ১৩টির, বীমা খাতের ৪৬টির মধ্যে ২৩টির, জ্বালানি খাতের ১৮টির মধ্যে ১২টির, ওষুধ খাতের ২৯টির মধ্যে ১৫টির দর কমেছে। এছাড়া একক বৃহত্তহম মূলধনী কোম্পানি গ্রামীণফোনেরও শেয়ারের দর কমেছে।

সূচকে প্রভাব না পড়লেও দরপতনের শিকার হয়েছে মিউচুয়াল ফান্ড খাতও। এ খাতের লেনদেন হওয়া ৪০টি ইস্যুর মধ্যে মাত্র ৭টির দর বেড়েছে। কমেছে ২৪টির ও অপরিবর্তিত রয়েছে ৭টির।

তবে দরপতনে পোশাক খাতে দেখা গেছে ব্যতিক্রম চিত্র। এ খাতের ৪৩টি কোম্পানির মধ্যে ২৭টির দর বেড়েছে। কমেছে ১৪টির দর। বাকি ২টি কোম্পানির দরের কোনো পরিবর্তন হয়নি।

কোম্পানিগুলোর দর কমে যাওয়ার এমন চিত্রে বুধবার লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) কমেছে প্রায় ২৮ পয়েন্ট। দিনশেষে সূচক দাঁড়িয়েছে ৪৬৬৯.৫১ পয়েন্টে।

এদিকে মঙ্গলবার ৭০০ কোটি টাকার বেশি লেনদেন হলেও বুধবার তা ফের ৬০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। মঙ্গলবারের তুলনায় ৫০ কোটি ৭৭ লাখ টাকা কমে দিনশেষে লেনদেন হয়েছে ৬৬৯ কোটি ৯৫ লাখ টাকা।

আর্থিক লেনদেনের ভিত্তিতে শীর্ষে রয়েছে ইউনাইটেড পাওয়ার। এ কোম্পানির ৪১ কোটি ৫৩ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর মোট লেনদেনের ৬ শতাংশই হয়েছে এ কোম্পানির। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার লেনদেন হয়েছে ২১ কোটি ৪২ লাখ ২৭ হাজার টাকার শেয়ার। ১৯ কোটি ১৪ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস।

লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- এমারল্ড অয়েল, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, আইটি কনসালটেন্টস, বিডি থাই, রিজেন্ট টেক্সটাইল, জেনারেশন নেক্সট।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও বেশির ভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দর কমেছে। লেনদেন হওয়া ২৪৫টি ইস্যুর মধ্যে ১৫৯টিরই দর কমেছে। বেড়েছে ৫৮টির ও বাকি ২৮টির দর অপরিবর্তিত রয়েছে। মঙ্গলবার ৪৮ কোটি ৮৭ লাখ টাকা লেনদেন হলেও বুধবার স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হয়েছে ৪১ কোটি ৫৪ লাখ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ