গাজীপুর: গাজীপুরের বোর্ডবাজার এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লাগার পর দমকল বাহিনী দীর্ঘ চেষ্টার পর তা নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে ‘ম্যাট্রেক্স গামেন্টস’ নামের ওই সোয়েটার কারখানার আট তলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান জানান, মেট্রেক্স সোয়েটার কারখানা ভবনের অষ্টম তলায় আগুন লাগার ঘটনা ঘটে।
খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী ও মাওনা ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
টঙ্গী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোরশেদুল ইসলাম জানান, রাজধানীর উত্তরা, শ্রীপুর, টঙ্গী ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নেভাতে গিয়ে চারজন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে আশপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। এ ঘটনার পর আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আগুন কারখানার অষ্টম তলা থেকে ক্রমশ ছড়িয়ে পড়ে। পানিস্বল্পতা ও বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ে।
পাশের প্রীতি সোয়েটার কারখানার কমপ্লায়েন্স ব্যবস্থাপক ফারজানা আক্তার তিথী জানান, তাদেরটিসহ আশপাশের কারখানা থেকে পানি সরবরাহ করা হয়।
তিনি আরো জানান, খবর পেয়ে, রাজধানীর উত্তরা, গাজীপুর, শ্রীপুর, টঙ্গী ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
কীভাবে ওই কারখানায় আগুন লেগেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে আগুন লাগার কারণে বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।