সিসি নিউজ : ভারতের টি২০ বিশ্বকাপের সুপার টেন পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আজ সোমবার মাঠে নামছে বাংলাদেশ। ব্যাঙ্গালুরুর চিন্নাস্বমী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় অসিদের মুখোমুখি হবে মাশরাফিবাহিনী। অবশ্য এ মুহুর্তে কঠিন এক সময়ের মধ্যে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের মত আসরে এমন পরিস্থিতিতে টাইগাররা, যা বিশ্বের কোন দল কখনো এমন অবস্থায় পড়েনি। বোলিং একশন অবৈধ হওয়ার কারণে দলের সেরা ২ বোলারকে ইতোমধ্যেই নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যাতে হতাশ পুরো বাংলাদেশ শিবির। তাই সবকিছু মিলিয়ে ‘কষ্ট-আবেগ-প্রতিশোধ-চিন্তা’- এসব নিয়েই আজ খেলতে নামতে হচ্ছে টাইগারদের। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। কঠিন ম্যাচে কঠিন এক জবাব মাঠেই দিতে চায় বাংলাদেশ।
কষ্ট-আবেগ-প্রতিশোধ-চিন্তা, এ ৪টি এখন বাংলাদেশ দলের সঙ্গী। তাসকিন-সানিকে হারানোর কষ্টটা ব্যথিত করছে দলকে। তাতে আবেগী হয়ে কান্নাও ঝরছে দু’চোখ বেয়ে। সেই চোখের প্রতিটি ফোটাতে রয়েছে প্রতিশোধের নেশা। এর মাঝেও ম্যাচ নিয়ে পরিকল্পনা ও একাদশ সাজানোর চিন্তা ঘুরপাক খাচ্ছে মস্তিস্ক জুড়ে। অবশ্য ম্যাচের আগের দিনও অনুশীলন করলো বাংলাদেশ। কারণ পৃথিবীর বাস্তবতা তো মেনে নিতেই হবে। তারপরও ম্যাচ জয়ের লক্ষ্য থেকে এক চুলও সড়ে আসেনি টাইগাররা।
মাশরাফির বক্তব্য সেটাই স্পষ্ট করছে, ‘আমরা অবশ্যই মাঠে নামবো জয়ের জন্য। সেটা প্রতিপক্ষ যে দলই হোক না কেন। আমাদের প্রথম কাজই হবে জয়ের জন্য মাঠে নামা। আমি সবার দিকেই তাকিয়ে আছি। দলের সবার ছোট ছোট কন্ট্রিবিউশনে বিশেষ করে টি২০ ম্যাচে জেতা যায়। আমি প্রত্যেকটা খেলোয়াড়ের দিকে তাকিয়ে আছি। ঘরের দু’জন ছেলের যদি সমস্যা হয়, আপনি যে কোন কাজই ভালোভাবে করতে পারবেন না। সেই উদ্যমটা আর পাবেন না। আমাদের কাছে জিনিসটা এখন ওই রকম। আমাদের মানসিক অবস্থা এখন ওইরকম নেই। সবাই দেখলেই বুঝতে পারবেন। কিন্তু আমরা অবশ্যই মাঠে নামবো, যতটুকু স্প্রিট নিয়ে এর আগের ম্যাচগুলোতে আমরা মাঠে নেমেছিলাম। কোন কমতি হবে না।
জয়ের চিন্তা করার পাশাপাশি প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে সমীহও করছেন মাশরাফি, ‘প্রতিপক্ষ হিসেবে আমাদের এই গ্রুপটা অনেক বেশি কঠিন। অস্ট্রেলিয়া আছে। তাদের ব্যাটিং অর্ডারসহ সবকিছুই অনেক কঠিন। কাজটা এমনিতেই কঠিন ছিলো আরও কঠিন হয়ে গেছে। আমাদের অবশ্যই প্রথম চাওয়া থাকবে ম্যাচটা যেন আমরা জিততে পারি। ওভাবেই আমরা পরিকল্পনা করবো। কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ। একদিকে মানসিক চাপ। অন্যদিকে প্রতিপক্ষের নাম অস্ট্রেলিয়া।
তারপরও নিজেদেরকে উজাড় করে দেয়া প্রতিজ্ঞাটাও করলেন মাশরাফি, আমরা শতভাগ দিয়ে চেষ্টা করবো। দুইটা ছেলে আমাদের সঙ্গে সময় কাটিয়েছে। এই দুইটা ছেলেকে এই মূহুর্তে দেশে ফিরে যেতে হবে। হয়তোবা সানিরটা মেনে নেয়া গেছে। আমরা মেনেও নিয়েছি। কিন্ত তাসকিনেরটা বৈধ এই বিশ্বাসটা আমাদের মধ্যে আছে। আমরা যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে না। এখন তাকে চলে যেতে হচ্ছে। জিনিসটা এখন চাইলেও ভুলে থাকা কঠিন। এখন এই বাস্তবতা মেনে নিয়ে মাঠে নামতে হবে। এই মুহুর্তে এতোটুকু বলতে পারি আমাদের সর্বোচ্চ চেষ্টা আমরা করবো।
পক্ষান্তরে বাংলাদেশ দলের ২ সেরা বোলার তাসকিন আহমেদ ও আরাফাত সানি বোলিং একশনের ফাঁদে পড়ে নিষিদ্ধ হয়েছেন বিশ্ব ক্রিকেটে। তাই শক্তির বিচারে বেশ পিছিয়ে পড়েছে বাংলাদেশ। পাশাপাশি মানসিকভাবেও বিধ্বস্ত টাইগাররা। আর এসব পরিস্থিতি নিয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশকে। প্রতিপক্ষের এসব কিছুই জানেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। তারপরও বাংলাদেশকে হাল্কাভাব নিচ্ছেন না স্মিথ। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে স্মিথ বলেন, ম্যাচটি কঠিন হবে এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশ অনেক উন্নতি করেছে। কয়েকজন ম্যাচ উইনার আছে তাদের দলে। আমাদেরকে নিজেদের সেরাটাই খেলতে হবে যদি তাদেরকে কাল হারাতে হয়। সহজভাবে নিলেও বিপদ অপেক্ষা করবে আমাদের জন্য।
তাসকিন ও সানি অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে থাকবেন না। এটা নিশ্চিত। তারপরও বাংলাদেশের বোলিং আক্রমণ কঠিন বলে মনে করেন স্মিথ, ‘এখনও তাদের দলে কয়েকজন উচুঁমানের বোলার আছে। আমরা কোনো দলকেই হালকাভাবে নেই না। আমাদের নিশ্চিত করতে হবে, আমরা ভালো করছি এবং যেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। যদি আমরা তা করতে পারি, আশা করি আমরা কাল সফলতা পাব।
টি-২০তে এখন পর্যন্ত ৩টি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। তিনবারই জিতেছে অসিরা। তবে এসব অতীত নিয়ে মাথা ঘামাতে রাজি নন স্মিথ। তিনি বলেন, বাংলাদেশ এখন অনেক বড় মানের দল। তারা অনেক কিছু শিখেছে কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে। তার সঙ্গে নিউ সাউথ ওয়েলসে কাজ করার সুযোগ হয়েছিল আমার। সে আমাকে অনেক কিছু শিখিয়েছে। তারা কাল রাতে আমাদের জন্য বড় চ্যালেঞ্জই হবে।