সিসি নিউজ: দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে ১০ হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগের চূড়ান্ত অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি আদেশের কপি এসেছে। জানা গেছে, নতুন সৃষ্ট পদ থেকে চলতি বছর ৭ হাজার নার্স নিয়োগ দেবে সরকার। একই সঙ্গে শূন্য পদে নিয়োগ দেয়া হবে ৩ হাজার ৬১৬ জন। এছাড়া নতুন সৃষ্ট পদে ২০১৮ সালে আরও ৩ হাজার নার্স নিয়োগ দেয়া হবে।
প্রসঙ্গত, দেশে বর্তমানে ২১ হাজার সিনিয়র স্টাফ নার্স বেকার রয়েছেন। অন্যদিকে কর্মরত আছেন ২০ হাজারেরও বেশি নার্স। সিনিয়র স্টাফ নার্স পদটি এন্ট্রি পয়েন্টে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা। এ কারণে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে নিয়োগ দেয়া হবে। শিগগিরই ব্যাচভিত্তিক নতুন নার্স নিয়োগ দেয়া হবে বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা।
সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশে চিকিৎসক অনুপাতে নার্সের সংখ্যা খুবই কম। উন্নত বিশ্বে নার্সের সংখ্যা চিকিত্সকের প্রায় ৩ গুণের বেশি থাকে। তবে যুগের সঙ্গে তাল মিলিয়ে দেশের নার্সিং পেশাকে আন্তর্জাতিক মানদণ্ডে নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান সরকার নার্সিং পেশার মান বাড়াতে ৭টি নার্সিং ইনস্টিটিউটকে কলেজ ঘোষণা করেছে। তবে এসব প্রতিষ্ঠানে নতুন পদ সৃষ্টি করা হয়নি।
গত বছরের ৮ এপ্রিল গাজীপুরের কাশিমপুরের সারাবোর তেঁতুইবাড়ি এলাকায় শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজের শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগির আরও ১০ হাজার নার্স নিয়োগ দেয়া হবে বলে ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিবের সভাপতিত্বে একাধিক বৈঠক হয়। এসব বৈঠকে নার্সিং পেশায় ১০ ক্যাটাগরির নতুন পদ সৃষ্টিরও সিদ্ধান্ত গৃহীত হয়। এই সিদ্ধান্তের প্রেক্ষাপটে সরকারের সেবা পরিদফতর ১০ ক্যাটাগরির পদ সৃষ্টির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রস্তাব দেয়। স্বাস্থ্য মন্ত্রণালয় সম্মতি জানিয়ে ওই প্রস্তাব অনুমোদনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠায়। জনপ্রশাসন মন্ত্রণালয় সম্মতি দিয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠালে চূড়ান্ত অনুমোদন দেয় অর্থ মন্ত্রণালয়। তবে অর্থ মন্ত্রণালয় কেবল জেলা পাবলিক হেলথ নার্স ও সেবা উপ-তত্ত্বাবধায়ক এই দুটি পদ সৃষ্টির অনুমোদন দিয়েছে। বাকি আটটি ক্যাটাগরি অনুমোদন পায়নি।
জানা গেছে, দেশে বর্তমানে সরকারি ডিপ্লোমা ইন নার্সিং কলেজ আছে ৪৩টি। বেসরকারি কলেজ আছে প্রায় ৭০টি। এ ছাড়া সরকারি বিএসসি নার্সিং কলেজ আছে নয়টি, বেসরকারি কলেজ আছে ২১টি।
এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, সরকার নার্সিং পেশাকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করার উদ্যোগ নিয়েছে। এই ধারাবাহিকতায় ১০ হাজার নার্স নিয়োগ দেয়া হবে। এ নিয়োগ নার্সিং পেশার সংকট নিরসনে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।