খেলাধুলা ডেস্ক: শুক্রবারের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হলেও ইতিমধ্যে ধর্মশালায় বৃষ্টি থেমেছে। আর এতে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টার পর থামে বৃষ্টি। ধর্মশালার আকাশও বেশ পরিস্কার হতে শুরু করেছে। ফের যদি বৃষ্টি না হয়, তাহলে রাত ৮টায় বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ হওয়ার ভালো রকমের সম্ভাবনা রয়েছে। ।
ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের আজকের ম্যাচটি জিতলেই সুপার টেনে উঠা অনেকটাই নিশ্চিত হবে বাংলাদেশের।
ওমান আর নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বিকেল সাড়ে তিনটায়। বৃষ্টির কারণে ম্যাচটি শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি। ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা করায় দুদলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়েছে। একই ভেন্যুতে বাংলাদেশের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার রাত থেকেই ধর্মশালায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। শুক্রবার সকালে সেই বৃষ্টি থামলেও দুপুরের পর আবারো শুরু হযেছে। ফলে ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কাও বাড়ে। পরে অবশ্য আবার বৃষ্টি থেমেছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। তবে, বাছাইপর্বের কোনো ম্যাচেই রিজার্ভ ডে নেই। ফলে, শঙ্কা সত্যি করে যদি বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে মাঠে না গড়ায় তাহলে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হবে দুই দলকে।
বৃহস্পতিবার থেকে ধর্মশালায় বৈরী আবহাওয়ার পাশাপাশি তাপমাত্রা নেমে আসে। ফলে, মুশফিক-মাশরাফি-সাকিব-তামিমরা যেখানে আছেন সেখানে প্রন্ড ঠান্ডা পড়েছে। রাতে ধর্মশালায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচে জয় তুলে নেয় টাইগাররা। ফলে, দুই পয়েন্ট নিয়ে এখনও গ্রুপপর্বের শীর্ষে রয়েছে মাশরাফি বিন মর্তুজার দল। ওমানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ড হেরে যাওয়ায় অনেকটা পিছিয়ে আইরিশরা। পয়েন্ট ভাগাভাগি হলেও আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডেসের থেকে এগিয়ে থাকবে লাল-সবুজরা।