• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :

রওশনের বক্তব্য এখতিয়ার বহির্ভূত : এরশাদ

New Rose Cafe, Saidpur

এরশাদসিসি ডেস্ক: রবিবার সংবাদ সম্মেলনে এরশাদের বিরুদ্ধে অগণতান্ত্রিক সিদ্ধান্ত নেওয়ার যে অভিযোগ করেছিলেন রওশন তারই জবাব দিলেন এরশাদ। জবাবে জাতীয় পাটির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, বিরোধীদলীয় নেতা ও তাঁর স্ত্রী রওশন এরশাদ সংবাদ সম্মেলনে যে বক্তব্য দিয়েছেন, তা তাঁর এখতিয়ার বহির্ভূত। বক্তব্যে তিনি পার্টিকে হেয় করেছেন। সোমবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এরশাদ এসব কথা বলেন।
বিবৃতিতে এরশাদ বলেন, সংসদীয় দল পার্টির একটি শাখা মাত্র। এই শাখার দায়িত্ব-পার্টির নীতিমালা অনুসারে শুধুমাত্র সংসদীয় কার্যক্রম পরিচালনা করা। নীতি নির্ধারণী কোনো সিদ্ধান্ত গ্রহণ কিংবা কোনো সিদ্ধান্ত নিয়ে আলোচনা বা পর্যালোচনার ফোরাম হচ্ছে পার্টির প্রেসিডিয়াম। সুতরাং রওশন এরশাদ সংসদীয় দলের নেতা হিসেবে সংবাদ সম্মেলন করে যে বক্তব্য রেখেছেন- এই ফোরামে এটা তার এখতিয়ার বহির্ভূত। তিনি পার্টিকে কারো একক সম্পত্তি বা কোনো কোম্পানী নয়- বলে সংগঠনকে হেয় করেছেন বলেও অভিযোগ করেন।
দলের কাউন্সিল পেছানোর যে দাবি রওশন করেছিলেন, তাও নাকচ করে দিয়েছেন এরশাদ।
শুরুতে এরশাদ উল্লেখ করেন, দলের মাঝে এবং দেশবাসীর মাঝে বিভ্রান্তি ছড়াতে রওশন এরশাদ গতকাল যে বক্তব্য রেখেছেন তা দূর করতে জাতির উদ্দেশ্যে আমি এ বিষয়ে কিছু বলতে চাই।
গণতান্ত্রিক হওয়ার জন্য স্ত্রীর আহ্বানের জবাবে এরশাদ বিবৃতিতে বলেন, রওশন এরশাদ কোন গণতন্ত্র অনুসারে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানালেন, তা স্পষ্ট করে বলুন? দল ভাগ করা কিংবা উপদল সৃষ্টি করা কি দলীয় গণতন্ত্রের আওতায় পড়ে? তাঁকে বলতে হবে এ পর্যন্ত কোনটা দলীয় গঠনতন্ত্রের বাইরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে?
এরশাদ বলেন, জাতীয় পার্টি একটি গঠনতন্ত্রের নিয়ন্ত্রণে পরিচালিত এবং নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল। এই গঠনতন্ত্র কোনো বিশেষ ব্যক্তির আরোপিত বিষয় নয়।  গঠনতন্ত্রের ৩৯ ধারায় দেওয়া চেয়ারম্যানের একক ক্ষমতার বিষয়ে এরশাদ বলেন, জাতীয় পার্টির গঠনতন্ত্রের ৩৯ ধারা পার্টির চেয়ারম্যান হিসেবে আমার সৃষ্টি করা নয়। এটা জাতীয় কাউন্সিলে গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত একটি ধারা। এই ধারা সম্পর্কে পার্টির কারও কোনো আপত্তি থাকলে, তা শুধু জাতীয় কাউন্সিলে উত্থাপন করা যেতে পারে। কাউন্সিল ভোটের মাধ্যমে এই ধারা বাতিল বা বহাল রাখার রায় দিতে পারে। তার আগে, যা গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে, সেটাকে “অগণতান্ত্রিক” ধারা বলাটাই দলীয় গণতন্ত্রকে অবমাননা করা। এই ধারা বলে রওশন এরশাদকেও দলে ফিরিয়ে আনা হয়েছে। একই ধারায় ১৫ বছর নিষ্ক্রিয় থাকা নেতাদের (আনিস-বাবলু) প্রেসিডিয়াম সদস্য বানিয়েছি।
রওশনের উদ্দেশে এরশাদ বলেন, ৩৯ ধারা যখন কারও পক্ষে যায়, তখন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উপকারী ধারা হয়ে যায়। আর যখন ব্যক্তিস্বার্থের বিপক্ষে যায়, তখন এটা ‘অগণতান্ত্রিক’ হয়ে পড়ে এই মানসিকতা পরিহার করা উচিত।
কাউন্সিলের বিষয়ে রওশনের বক্তব্যের জবাবে এরশাদ বলেন, কাউন্সিলের তারিখ ঘোষণা একক কোনো সিদ্ধান্ত ছিল না। নির্বাচন কমিশন থেকে দুবার সময় নেওয়ার পর, সবার মতামতের ভিত্তিতে দুবার তারিখ পরিবর্তনের পর প্রেসিডিয়াম সভায় সিদ্ধান্ত নিয়ে জাতীয় কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৪ মে অনুষ্ঠিতব্য কাউন্সিলের তারিখ পরিবর্তনের কোনো সুযোগ নেই।
এরশাদের ভুলের কারণেই নেতাদের দল ছেড়ে যাওয়া প্রসঙ্গে রওশনের বক্তব্যের পাল্টা জবাবে এরশাদ বলেন, যে নেতারা দল ছেড়ে চলে গেছেন, তাঁরা প্রত্যেকেই বিএনপি বা আওয়ামী লীগের মতো দল থেকে জাতীয় পার্টিতে এসেছিলেন। এসব দলের ভুলের কারণেই কি তাঁরা দল ছেড়ে জাতীয় পার্টিতে এসেছিলেন? জাতীয় পার্টি যখন ক্ষমতায় ছিল এবং তাঁরা যখন উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, বা মন্ত্রী হতে পেরেছিলেন, তখন মনে হয় দলের কোনো ভুল ছিল না। যখন ক্ষমতায় ছিলাম না, তখনই যেন পার্টির ভুল হয়ে গেল! আর তাঁরা সুবিধার লোভে অন্য দলে চলে গেলেন। এই সুবিধাভোগী নেতাদের জাতীয় পার্টির নেতা-কর্মী-সমর্থকেরা কীভাবে গ্রহণ করবেন?
এরশাদ বলেন, আমি সকল ধরণের অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টির অবসান ঘটিয়ে সকলের অবগতির জন্য সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে, জাতীয় পার্টি সম্পূর্ণভাবে একটি গণতন্ত্র চর্চার রাজনৈতিক দল। এই দলে গঠনতন্ত্রের বাইরে কখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি- আর হবেও না। গঠনতন্ত্র অনুযায়ী জেলাসমূহের সম্মেলন সমাপ্ত করে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৪ মে ২০১৬ শনিবার, রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। নির্দিষ্ট তারিখে সংশ্লিষ্ট সবাইকে সম্মেলনে অংশগ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ