সিসি নিউজ: মে দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিয়েছে বিএনপি। ওই দিন স্মরণকালের সবচেয়ে বড় জনসমাগমেরও আশা করছে দলটি।
সমাবেশ সফল করতে বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নেতাকর্মীদের ওই সমাবেশ সফল করার আহ্বান জানান।
সভায় জানানো হয়, ১ মে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন শ্রমিক দলের আয়োজনে ওই শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে।
মির্জা আব্বাসের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল আউয়াল মিন্টু, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, মহানগর নেতা আবদুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, কাজী আবুল বাশার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘রাজনৈতিক প্রেক্ষাপটে ১ মের শ্রমিক সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের অন্যায়-অত্যাচারের মধ্যে এ সমাবেশ হচ্ছে। দেশের সব মানুষ আজ নির্যাতিত-নিপীড়িত।’
তাই জনগণ ও শ্রমিকদের অধিকার ফিরিয়ে আনতে ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সব থানা-ওয়ার্ড থেকে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে সভাপতির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, ‘পহেলা মে সোহরাওয়ার্দী উদ্যানের শ্রমিক সমাবেশে স্মরণকালের সবচেয়ে বড় জনসমাগম হবে। এযাবৎকালে দেশনেত্রীর জনসভায় যত লোক হয়েছে, তার চেয়ে বেশি লোকের সমাগম ঘটাতে হবে। কর্মী সমাবেশ ঘটিয়ে সরকারকে আমরা বুঝিয়ে দেব, স্মরণকালের সর্ববৃহৎ জনসভা আমরা করতে পারি।’
মির্জা আব্বাস আরও বলেন, ‘এটিকে শুধু শ্রমিক দলের সমাবেশ ভাবলে চলবে না। আমাদের ভাবতে হবে, এটি দেশনেত্রী খালেদা জিয়ার সমাবেশ। আমরা এখন রাস্তায় মিছিল করতে পারি না। এবার মে দিবসের সমাবেশ হবে তার ব্যতিক্রম।’