সিসি নিউজ: নীলফামারীর জলঢাকায় এক পাথর ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ করেছে তার পরিবার। সোমবার নীলফামারী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ডিমলা উপজেলার দক্ষিণ খড়িবাড়ি গ্রামের আশাকুজ্জামানের ছেলে হাসানুর রহমান। নিখোঁজ ব্যবসায়ী হলেন হাসানুরের ছোট ভাই পাথর ব্যবসায়ী আরিফুজ্জামান সুমন (৩২)।
হাসানুর লিখিত বক্তব্যে বলেন, গত ৫ মে দুপুরে জলঢাকা ইসলামী ব্যাংক থেকে ব্যবসার কাজে সাড়ে ৫ লাখ টাকা উত্তোলন করে বাড়ি ফেরার সময় জলঢাকা বাজার থেকে সুমন নিখোঁজ হন। এ সময় সুমনের সাথে ছিলেন তার বন্ধু ফেরদৌস আলম। পরে ৮ মে ইসলামী ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ দেখে নিশ্চিত হওয়া যায় সুমন টাকা তোলার পর নিখোঁজ হয়। টাকার জন্য তাকে অপহরণ করা হয়েছে বলে হাসানের অভিযোগ।
এ ব্যাপারে ফেরদৌস আলমসহ চারজনের বিরুদ্ধে জলঢাকা থানায় অপহরণ মামলা করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। মামলার অন্য তিন আসামি হলেন ফেরদৌসের ছোট ভাই ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি গ্রামের ইব্রাহিম আলীর ছেলে তারেক, জলঢাকা উপজেলার দক্ষিণ কাজীরহাট গ্রামের আব্দুর রহমানের ছেলে মোজাম্মেল হক মোজা ও দক্ষিণ চেরেঙ্গা গ্রামের তজর উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম। সংবাদ সম্মেলনে নিখোঁজ ব্যবসায়ী সুমনের বৃদ্ধ বাবা-মা, স্ত্রী, দুই সন্তান ও তার দুই ভাই উপস্থিত ছিলেন। তারা পুলিশপ্রধানসহ স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জলঢাকা থানার ওসি দিলওয়ার হাসান ইনাম বলেন, মামলা দায়েরের পর পরই পুলিশ আন্তরিকতার সাথে তদন্তকাজ চালাচ্ছে। একই সঙ্গে আসামিদের গ্রেপ্তার ও নিখোঁজ সুমনকে উদ্ধারের চেষ্টা চলছে বলে ওসি জানান।