ঢাকা: সর্বোচ্চ রপ্তানিকারক হিসেবে ‘সেরা রপ্তানিকারক ট্রফি’ পাচ্ছে ৭৯ প্রতিষ্ঠান। আগামী মাসের শেষ দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এ পদক তুলে দেবেন।
দুই অর্থবছরের জন্য এ পদক দেওয়া হচ্ছে। গত ২০১১-১২ অর্থবছরে ২৪ খাতের ৫২ প্রতিষ্ঠান এবং ২০১২-১৩ অর্থবছরে ২৬ খাতের ৬১ প্রতিষ্ঠানকে এ পদক দিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। উভয় বছরের জন্য সেরা রপ্তানিকারক হিসেবে পদক পাচ্ছে এমন একই প্রতিষ্ঠানের সংখ্যা ৩৪টি।
সম্প্রতি বিভিন্ন খাতের রপ্তানিকারকদের মধ্য থেকে বাছাই করে এ প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রজ্ঞাপন আকারে জারি করা হয়েছে।
দুই বছরের ৭৯ প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি করে শীর্ষ সেরা প্রতিষ্ঠান হিসেবে উভয় বছরে স্বর্ণপদক পেতে যাচ্ছে তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠান জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেড।
খাতভিত্তিক জাতীয় রপ্তানি ট্রফিতে তৈরি পোশাক খাতে উভয় বছরে শীর্ষ স্থানে থেকে স্বর্ণপদক পেতে যাচ্ছে হা-মীম গ্রুপের প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টস লিমিটেড। খাতভিত্তিক এ তালিকায় প্রাণ গ্রুপের চারটি, স্কয়ার গ্রুপের তিনটি, বেঙ্গল গ্রুপের দুটি, বেক্সিমকো গ্রুপ, অ্যাপেক্স গ্রুপ, এনভয় গ্রুপ, আকিজ গ্রুপসহ বিভিন্ন গ্রুপ অব কোম্পানির প্রতিষ্ঠান রয়েছে।