• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন |
শিরোনাম :

সিএমএইচে হচ্ছে ক্যান্সার হাসপাতাল

ক্যান্সারস্বাস্থ্য ডেস্ক: দেশেই করা যাবে প্রাণঘাতী রোগ ক্যান্সারের চিকিৎসা। এজন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থাপন করা হচ্ছে একটি বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল। বর্তমানে দেশে ক্যান্সারের প্রাদুর্ভাব বেশি হওয়ায় এই হাসপাতাল স্থাপনের উদ্যোগ নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবিত হাসপাতালে বিভিন্ন বাহিনীর সদস্য ও তাদের পরিবার ছাড়াও বেসামরিক জনগণকে সুলভ মূল্যে ক্যান্সারের চিকিৎসা দেয়া হবে। এ সংক্রান্ত একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে পরিকল্পনা কমিশনে। এটি বাস্তবায়নে মোট ব্যয় হবে ৯৮ কোটি ৬ লাখ টাকা। এ অর্থের পুরোটাই জোগান দেয়া হবে সরকারের নিজস্ব তহবিল থেকে। ‘ঢাকা সিএমএইচ-এ ক্যান্সার সেন্টার নির্মাণ’ শীর্ষক প্রকল্পটি অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আগামী সভায় উত্থাপন করা হতে পারে। অনুমোদন পেলে চলতি বছর থেকে ২০১৯ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। পরিকল্পনা কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, প্রকল্পটি বাস্তবায়িত হলে ক্যান্সার চিকিৎসায় বাংলাদেশ এগিয়ে যাবে। অর্থাৎ সিএমএইচের ক্যান্সার হাসপাতালের মাধ্যমে দেশেই এ রোগের উন্নত চিকিৎসাসেবা দেয়া সম্ভব হবে। ফলে বিপুল অর্থ ব্যয় করে রোগীদের বিদেশ যেতে হবে না। এতে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। জানা গেছে, চলতি অর্থবছরের (২০১৬-১৭) বার্ষিক উন্নয়ন কর্মসূচীতে (এডিপি) বরাদ্দহীনভাবে অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় প্রস্তাবিত এ প্রকল্পটি অন্তর্ভুক্ত ছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাওয়ার পর পরিকল্পনা কমিশনে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়। সভার সুপারিশ অনুযায়ী প্রকল্পটি বাস্তবায়নে বছরভিত্তিক প্রয়োজনীয় বরাদ্দের বিষয়টি নিশ্চিত করবে প্রতিরক্ষা মন্ত্রণালয়। আর এই অর্থের সংস্থান সম্পর্কে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, মধ্যমেয়াদী বাজেট কাঠামোর (এমটিবিএফ) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য উন্নয়ন খাতে প্রদত্ত মোট বাজেট বরাদ্দের সীমার (সিলিং) মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করতে হবে। সে অনুয়ায়ী প্রকল্পের পরবর্তী যাচাই-বাছাই কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ক্যান্সার আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। বিভিন্ন ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়ে ঘটছে ব্যাপক প্রাণহানি। দেশে ক্যান্সার রোগের উন্নত চিকিৎসা সেবা প্রদানের পর্যাপ্ত প্রতিষ্ঠানের অভাব আছে। এদিকে সম্মিলিত সামরিক হাসপাতালে ক্যান্সারের চিকিৎসাসেবা প্রদানেরও পর্যাপ্ত সুবিধার অভাব রয়েছে। অবকাঠামো, যন্ত্রপাতি এবং অন্যান্য সুযোগ-সুবিধার অভাবে এ হাসপাতালের ক্যান্সার ব্যবস্থাপনা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। সার্জারি, কেমোথেরাপি এবং অন্যান্য চিকিৎসাসেবা সিএমএইচে চলমান থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

প্রকল্পের প্রস্তাবনায় বলা হয়েছে, দেশে ক্যান্সারের উন্নত চিকিৎসাসেবার পর্যাপ্ত প্রতিষ্ঠানের অভাবে অনেক মানুষ বিদেশ গিয়ে চিকিৎসাসেবা গ্রহণ করছে। ফলে দেশ প্রতিবছর প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা হারাচ্ছে। প্রস্তাবিত হাসপাতালে সামরিক বাহিনীর সদস্য ও তাদের পরিবার ছাড়াও বেসামরিক জনগণ সুলভ মূল্যে ক্যান্সার চিকিৎসা পাবেন। এ বিবেচনায় ক্যান্সারের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে ‘ঢাকার সিএমএইচে ক্যান্সার সেন্টার নির্মাণ’ শীর্ষক প্রকল্পটি প্রস্তাব করা হয়েছে।

প্রকল্পের আওতায় প্রধান কার্যক্রম হচ্ছে-আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত চারতলা হাসপাতাল ভবন নির্মাণ এবং আধুনিক যন্ত্রপাতি ও আসবাবপত্র সংগ্রহ করা। এসব কিনতে ব্যয়ের অঙ্গভিত্তিক যে ব্যয় প্রস্তাব করা হয়েছে তা হলো, নির্মাণ ব্যয় ৩৯ কোটি ৫৪ লাখ ৫ হাজার টাকা, যন্ত্রপাতি সংগ্রহ ৫৫ কোটি ৩৯ লাখ এবং ফার্নিচার ও ফিক্সচার ১ কোটি ৩৬ লাখ টাকা। এছাড়া রাজস্ব ব্যয় ৬৬ লাখ টাকা, প্রশিক্ষণে ২৫ লাখ, অন্যান্য ব্যয় ৬৮ লাখ এবং ফিজিক্যাল ও প্রাইস কন্টিনজেন্সি খাতে ১৭ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। প্রকল্পটি তিন অর্থবছরে বাস্তবায়ন করা হবে। এজন্য অর্থবছরভিত্তিক অর্থ বরাদ্দের চাহিদা হচ্ছে- চলতি অর্থবছরে ১৪ কোটি ৯৫ লাখ টাকা, আগামী ২০১৭-১৮ অর্থবছরে ৫০ কোটি এবং ২০১৮-১৯ অর্থবছরে ৩৩ কোটি ১১ লাখ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ