চুয়াডাঙ্গা: সংস্কৃতি চর্চায়-ই সাম্প্রদায়িকতা ধ্বংস হবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, “সংস্কৃতি চর্চার মধ্য দিয়েই বিনষ্ট করা হবে সাম্প্রদায়িকতা। তাই বর্তমান সরকার সংস্কৃতি সংগঠনগুলোকে গতিশীল করতে কাজ করছে।” চুয়াডাঙ্গায় মঙ্গলবার বিকালে সাংস্কৃতিক সংগঠন অরিন্দমের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক সায়মা ইউনুছ, পুলিশ সুপার রশীদুল হাসান, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী ও কথা সাহিত্যিক অধ্যাপক রফিকুর রশীদ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখায় ৩ জনকে সম্মাননা দেয়া হয়। শেষে অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের নিজস্ব পরিবেশনায় নাটক অহম তমসায় মঞ্চস্থ করা হয়।
চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৫-৩১ অক্টোবর সাত দিনব্যপী নাটোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এতে জেলার প্রখ্যাত নাট্য ও সাংস্কৃতিক সংগঠনগুলি অংশ নিচ্ছে।
এর আগে মন্ত্রী আসাদুজ্জামান নূর বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটে সকাল ৯টায় যশোর নেমে সড়কপথে দর্শনায় পৌঁছান। এখানে কেরু চিনিকল রেস্টহাউজে বিশ্রাম শেষে তিনি কার্পাসডাঙ্গার পথে রওনা হন।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার মিশন পল্লীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়ীত আটচালা ঘর পরিদর্শন করেন সংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর । পরিদর্শন শেষে তিনি সেখানে উঠান বৈঠক করেন। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মহাপরিচালক মো. হামিদুর রহমান, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস, পুলিশ সুপার রশীদুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে. এম. মামুনউজ্জামান, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল হক, কৃষিবিদ রফিকুল চৌধুরী, কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি মো. আব্দুল গফুর, সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম, কার্পাসডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো. হামিদুল ইসলাম, কার্পাসডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি রবিউল হক শুকলাল।