স্বাস্থ্য ডেস্ক : স্বাস্থ্য খাতে জনশক্তির স্বল্পতা সমস্যা দূর করতে নতুন রিক্রুট করা ১০ হাজার নার্সকে আগামী এক সপ্তাহের মধ্যেই বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে পোস্টিং দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ রবিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত বাংলাদেশ হেলথ ওয়ার্কফোর্স স্ট্র্যাটেজি- ২০১৫ এর এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, আমরা ১০ হাজার নার্স-এর রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করেছি। সুষ্ঠু স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন সরকারি হাসপাতালে তাদেরকে পোস্টিং দেয়ার জন্য এখন আমরা কাজ করছি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালিক, স্বাস্থ্য সেবা অধিদফতরের (ডিজিএইচএস) মহাপরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন ও বাংলাদেশে ডব্লিউএইচও-এর প্রতিনিধি ড. এন. প্যারানিথরন। সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব মো. সিরাজুল ইসলাম।
নাসিম বলেন, স্বাস্থ্য খাতে হেলথ ওয়ার্কফোর্স গুরুত্বপূর্ণ। আমরা মানসম্মত হেলথ ওয়ার্কফোর্স খুঁজছি, যারা মানসম্মত সেবা দিতে পারবে। এ ব্যাপারে ‘বাংলাদেশ হেলথ ওয়ার্কফোর্স স্ট্র্যাটেজি-২০১৫’ প্রণয়ন একটি ভিত্তি। স্বাস্থ্যখাতে জনশক্তি স্বাল্পতার কথা উল্লেখ করে তিনি পেশাজীবী স্বাস্থ্যকর্মীদের দ্রুত নিয়োগ দিতে রিক্রুটমেন্ট পদ্ধতি সহজ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
জাহিদ বলেন, স্বাস্থ্যসেবা ব্যবস্থার সার্বিক উন্নয়নের জন্য আমাদেরকে স্বাস্থ্যখাতে মানসম্মত ওয়ার্কফোর্স রিক্রুট করতে হবে। উপযুক্ত জনশক্তি ছাড়া আমরা টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি)-এর লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব না। তিনি বলেন, স্বাস্থ্যখাতের প্রধান প্রধান সূচকে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। স্বাস্থ্যখাতে সফলতার এই ধারা অব্যাহত রাখতে মানসম্মত জনশক্তি প্রয়োজন।