রংপুর: রংপুর শহরের বাহার কাছনা এলাকায় নূরুজ্জামান বাবু (৩২) নামে এক পত্রিকা বিক্রেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বাবু ওই এলাকার মনিরুজ্জামানের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বাবু রংপুর শহরে পত্রিকা বিক্রি করতেন। রাতে বাসায় ফেরার পথে একদল সন্ত্রাসী তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন। তার শরীরেও কোপানোর চিহ্ন রয়েছে।
রংপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাবুর গলা কাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত বাবুর শরীরে বেশ কয়েকটি কোপের চিহ্ন রয়েছে বলে জানান ওসি জাহিদুল ইসলাম।