সিসি নিউজ : নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য আরো ৪ বিশিষ্টজনের সঙ্গে বৈঠকে বসেছে সার্চ কমিটি। আজ বুধবার বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক শুরু হয়।
সার্চ কমিটির চেয়ারম্যান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। বৈঠকে অংশগ্রহণকারী বিশিষ্ট চার ব্যক্তি হলেন- প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। বৈঠকে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুর রশিদের অংশগ্রহণের কথা থাকলেও তার বিরুদ্ধে প্রতারণার মামলা বিচারাধীন থাকায় গতকাল তাকে তালিকা থেকে বাদ দেয়া হয়।
এই জাজেস লাউঞ্জেই গত সোমবার ১২ বিশিষ্ট নাগরিকের সঙ্গে বসে নির্বাচন কমিশন গঠন বিষয়ে তাদের মতামত নেয় সার্চ কমিটি। নতুন নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে দক্ষ, সৎ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও নির্দলীয় ব্যক্তিদের নাম সুপারিশ করার জন্য রাষ্ট্রপাতির গঠিত সার্চ কমিটিকে পরামর্শ দেন তারা।
ওইদিনই আরো ৫ জনকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়। কিন্তু অর্থ আত্মসাতের মামলার আসামি হওয়ার বিষয়টি প্রকাশ পাওয়ার পর আমন্ত্রিতদের তালিকা থেকে সাবেক সেনা কর্মকর্তা আব্দুর রশীদের নাম বাদ দেয় সার্চ কমিটি।
রাষ্ট্রপতির সঙ্গে ইসি গঠন নিয়ে সংলাপে যোগ দেয়া ৩১টি রাজনৈতিক দলের মধ্যে ২৫টির কাছ থেকে নামের প্রস্তাব পাওয়ার পর মঙ্গলবার সেখান থেকে ২০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেন সার্চ কমিটির সদস্যরা। তবে এই ২০ জনের মধ্যে কারা আছেন, সে তথ্য প্রকাশ করেনি সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দেয়া মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন, আরো যাচাই-বাছাইয়ের পর ২০ জনের তালিকা থেকে ১০ জনকে চূড়ান্ত করবে সার্চ কমিটি। সেই ১০ জনের নাম ৮ ফেব্রুয়ারির মধ্যে প্রস্তাব করা হবে রাষ্ট্রপতির কাছে।
সার্চ কমিটির ওই সুপারিশের মধ্যে থেকে একজন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যূন ৫ সদস্যের নতুন নির্বাচন কমিশন নিয়োগ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষে ফেব্রুয়ারির মাঝামাঝি দায়িত্ব নেবে নতুন কমিশন। তাদের অধীনেই ২০১৯ সালের শুরুতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে।