• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন |

অগ্রণী ব্যাংকের বিকেলের পরীক্ষা স্থগিত

ঢাকা : অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগের বিকেলের শিফটের প্রাথমিক বাছাই পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। প্রশ্নপত্র ফাঁস হয়েছে-এমন অভিযোগের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে অনিবার্য কারণবশত বিকেলে পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানানো হয়।

এর আগে শুক্রবার (১৯ মে) সকালের শিফটের প্রাথমিক বাছাই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসেরও অভিযোগ উঠেছিল।

সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিন বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বিকেলের শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

গত বছরের ৭ জুন অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসারের ২৬২ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রথম এবং দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা নিয়োগের জন্য গঠিত ‘ব্যাংকার্স সিলেকশন কমিটি’। এই পদে দুই লাখেরও বেশি পরীক্ষার্থী আবেদন করেছে বলে জানা গেছে।

ব্যাংকার্স সিলেকশন কমিটি সূত্রে জানা গেছে, পরীক্ষা নেওয়ার দায়িত্বে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগ।

ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের সহকারী অধ্যাপক আফতাব উদ্দিন শুক্রবার দুপুরে জানান, ‘অনিবার্য কারণবশত অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদে বিকেলের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষার নতুন সূচি পরে জানানো হবে।’

সকালের শিফটের পরীক্ষা বাতিল করার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

শুক্রবার সকালে প্রথম শিফটের পরীক্ষা শেষ হওয়ার পর একাধিক পরীক্ষার্থী জানিয়েছে, যে প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে, সেটার সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নপত্রের হুবহু মিল ছিল। এ বিষয়ে অনেকে পরীক্ষার শুরুর আগে ও পরে ফেসবুকে ছবিসহ পোস্টও দিয়েছেন।

এ ছাড়া বিকেলের শিফটের পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁস হয়েছে দাবি করে অনেকে ছবিসহ ফেসবুকে পোস্টও দিয়েছেন।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল জনতা ব্যাংক নির্বাহী কর্মকর্তা পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই সে সময়ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ করেছিলেন পরীক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ