আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলায় চলমান ‘সংঘর্ষের’ মধ্যে দেশটির সুপ্রিম কোর্টে হেলিকপ্টার নিয়ে হামলার ঘটনা ঘটেছে। হামলায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দেশটির একজন সেনা কর্মকর্তা রাজধানী কারাকাসে অবস্থিত পুলিশের বিমান ঘাঁটি থেকে একটি হেলিকপ্টার ছিনতাই করে আদালত ভবনে বোমা বিস্ফোরণের চেষ্টা করে।
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, আদাতল ভবনের উপর দিয়ে একটি হেলিকপ্টার আকাশে চক্কর দিচ্ছে। কিছুক্ষণ পর বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।
উল্লেখ্য, বেশ কিছু দিন ধরে দেশটিতে বর্তমান সরকারের বিরুদ্ধে সরকারবিরোধীরা বিক্ষোভ করছে। আন্দোলকারীদের অভিযোগ মাদুরোর সরকারের হাতে দেশটির অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যার কোনো সমাধান নেই।
অন্যদিকে প্রেসিডেন্ট মাদুরোর বলছেন, বিরোধীদল দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। গত ১ এপ্রিল থেকে শুরু হওয়া এই বিক্ষোভে এ পর্যন্ত অন্তত ৭০ জন আন্দোলনকারী নিহত হয়েছেন।