আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪২ জন।
সোমবার সকালে কাবুলের পশ্চিমে সরকারি কর্মকর্তাদের বহনকারী একটি বাসে এই হামলার ঘটনা ঘটে।
বিবিসি ও ডন জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেন, খনি মন্ত্রণালয়ের কর্মচারীদের বহনকারী একটি বাসে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। পুলিশ পুরো এলাকাটি ঘিরে রেখেছে। হামলার লক্ষ্যস্থল কী ছিল, তা এখনো পরিষ্কার নয়।