• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন |

প্রধানমন্ত্রী পদে নওয়াজ অযোগ্য: সুপ্রিম কোর্ট

সিসি নিউজ : পানামা পেপার কেলেঙ্কারির মামলায় নওয়াজ শরীফকে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার পানামা পেপার্স দুর্নীতি মামলায় এই রায় ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট।
পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন জানিয়েছে, সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ আজ শুক্রবার সর্বসম্মত এই রায় ঘোষণা করে। এই রায়ের ফলে তৃতীয় মেয়াদে পাকিস্তানের সরকারপ্রধানের দায়িত্বে থাকা এই রাজনীতিবিদকে এখন সরে দাঁড়াতে হবে।
রায়ে বলা হয়, যৌথ তদন্ত দলের (জিআইটি) সংগৃহীত সব নথিপত্র একটি জবাবদিহি আদালতে ছয় সপ্তাহের মধ্যে পাঠানো হবে। নওয়াজ শরীফ, মারইয়াম ও হোসাইন নাওয়াজের বিরুদ্ধে মামলা করতে হবে এবং ৩০ দিনের মধ্যে রায় দিতে হবে।
এর বাইরে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ কার্যালয় পরিচালনায় অযোগ্য হবেন। পার্লামেন্ট এবং আদালতের প্রতি অসৎ হওয়ায় তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের জন্য যোগ্য নন বলে আদেশে জানান বিচারকরা।
এ মামলায় শুনানি হয়েছিল আদালতের দুই নম্বর কক্ষে। রায় ঘোষিত হয়েছে এক নম্বর কক্ষে। পাকিস্তানের স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে রায় ঘোষণা শুরুর কথা থাকলেও তা আধ ঘণ্টা দেরিতে শুরু হয়। বেলা ১২টার খানিক পরে বিচারপতি আসিফ সাইদ খোসা রায় ঘোষণা করতে গিয়ে বলেন, বেঞ্চ সুপারিশ করেছে জেআইটি’র তদন্তে বেরিয়ে আসা সব তথ্য-প্রমাণাদি ছয় সপ্তাহের মধ্যে একটি জবাবদিহিতার আদালতে পাঠানো হবে। নওয়াজের পাশাপাশি তার মেয়ে মরিয়ম এবং ছেলে হাসান ও হুসেন নওয়াজ এবং ক্যাপ্টেন মোহাম্মদ সফদারের বিরুদ্ধেও মামলা শুরুর সুপারিশ করা হয়েছে। ৩০ দিনের মধ্যে বিচারের রায় ঘোষণা করতে হবে জানিয়ে খোসা বলেন, এক বিচারপতি এ আদেশের বাস্তবায়ন হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করবেন।
এরআগে গত এপ্রিলে বেঞ্চটির বিচারপতিরা বিভক্ত রায় দেওয়ায় সাময়িকভাবে উতরে গিয়েছিলেন নওয়াজ। রায়ের নির্দেশ বাস্তবায়ন করে তার বিরুদ্ধে কমিশন গঠনের মধ্য দিয়ে নতুন করে তদন্ত শুরু হয়। সেই তদন্তের পর এবার নতুন রায় ঘোষিত হলো।
নওয়াজ শরিফের ভাগ্য ঝুলে ছিল পাক শীর্ষ আদালতের রায় ঘোষণার অপেক্ষায়। রায়ে নওয়াজ দোষী প্রমাণিত হলে তাকে বাধ্য হয়েই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে হতে পারে বলে জানানো হয়েছিল। সে আশঙ্কাই সত্যি প্রমাণিত হলো।
তবে কোনো ধরনের দুর্নীতির কথা বরাবরই অস্বীকার করে আসছেন নওয়াজ শরীফ। কিন্তু আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় বাধ্য হয়েই তাকে ক্ষমতা ছাড়তে হবে।
উল্লেখ্য, পাকিস্তানে কোনও বেসামরিক প্রধানমন্ত্রী কখনও পাঁচ বছরের মেয়াদ পুরো শেষ করতে পারেননি। তৃতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া নওয়াজের মেয়াদ শেষ হতে আর এক বছরেরও কম সময় বাকি ছিল। আর সেই সময় সময় শেষ হওয়ার আগেই তার বিদায় নেওয়ার প্রেক্ষাপট তৈরি হলো। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন নওয়াজ শরীফ। পানামা পেপার্স দুর্নীতি মামলায় নাম উঠে আসার পর থেকেই নানা ধরনের চাপের মধ্যে ছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ