সিসি ডেস্ক: জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট নাট্যকার মুক্তিযোদ্ধা শাহজাহান শাহ দিনসাজপুরে তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না–রাজেউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি লিভার ক্যানসারে ভুগছিলেন। মঙ্গলবার ভোর ৪টা ৪৫ মিনিটে দিনাজপুর শহরের গনেশতলাস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,দু’ছেলে ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন“নবরূপী”র সাধারণ সম্পাদক ছিলেন। বিরল উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান তিনি। তাঁর জীবদ্দশায় তিনি অসংখ্য নাটক রচনার পাশাপাশি একজন ভালো অভিনেতাও ছিলেন। এ জন্য তিনি পেয়েছেন জাতীয় পুরস্কার।
মঙ্গলবার বিকেল ৪টায় নবরূপী প্রাঙ্গণে এবং ৫টায় দিনাজপুর বড় ময়দানস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর মরদেহে শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন সর্বস্তরের মানুষ। পরে নামাজে জানাজা শেষে দিনাজপুর শহরের কালীতলাস্থ সোনাপীড় কবরস্থানে তাঁর দাফন করা হয়েছে।