সিসি ডেস্ক, ২১ এপ্রিল: ৫ মে বেলা দুইটা থেকে ৫টার মধ্যে উৎক্ষেপণ করা হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট। দেশের প্রথম কৃত্রিম উপগ্রহটি মহাকাশে যাবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্পেস এক্সের ফ্যালকন-৯ রকেটে চড়ে। বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে সম্প্রচার, ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা, ভি-স্যাট ও বেতারসহ মিলবে ৪০ ধরনের সেবা।
আগামী মাসের পাঁচ তারিখে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্পেস এক্সের ফ্যালকন-৯ রকেটে চড়ে মহাকাশে যাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট। উৎক্ষেপণের পর কক্ষপথে পৌছাতে এর সময় লাগবে আট দিন।
প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এ স্যাটেলাইটে রয়েছে ৪০টি ট্রান্সপন্ডার ৷ যার ২০টি ব্যবহার করবে বাংলাদেশ। বাকিগুলো ভাড়া দিয়ে আয় হবে বৈদেশিক মুদ্রা।
বর্তমানে দেশের সম্প্রচার মাধ্যমগুলো সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ থেকে তরঙ্গ ভাড়া নিচ্ছে। এ জন্য বছরে গুণতে হয় দেড়শ কোটি টাকার বেশি। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ হলে কমবে বিদেশনির্ভরতা।
উৎক্ষেপণের পর ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইটের মালিক হবে বাংলাদেশ। ১৫ বছর মেয়াদি এ স্যাটেলাইটের খরচ তুলতে লাগবে প্রায় আট বছর।