নীলফামারী, ২১ এপ্রিল॥ নীলফামারীর ডোমার উপজেলায় তাফসিরুল কোরআন মাহফিলে সরকার বিরোধী বক্তব্য প্রদানের অভিযোগে মাহফিলের বিশেষ বক্তা ডোমার ইসলামিয়া সিনিয়র দাখিল মাদ্র্যাসার অধ্যক্ষ শামছুদ্দিন হোসাইনী সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২০ এপ্রিল) রাতে উপজেলা পশ্চিম চিকনমাটি মোল্লাপাড়া আমিনিয়া বায়তুল ফালাহ মসজিদ মাহফিল মাঠ হতে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত অপর দুইজন হলো মাওলানা আব্দুল হামিদ হোসাইনী ও আনারুল ইসলাম। এ ব্যাপারে থানায় ১০ জনের নামে ও অজ্ঞাত আরো ৪০ হতে ৫০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
আজ রবিবার (২১ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করে পুলিশ।
মামলা সুত্রে জানা গেছে, গতকাল শনিবার সকাল ১১টা হতে উক্ত স্থানে তাফসিরুল কোরআন মাহফিল চলছিল। রাতে মাহফিলের প্রধান মুফাচ্ছির জাতীয় মুফাচ্ছির পরিষদ খুলনা বিভাগীয় সভাপতি হযরত মাও: অধ্যাপক তৈয়বুর রহমান বর্তমান সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রীকে কটুিক্ত করে বক্তব্য দেওয়ার সময় ডোমার উপজেলা হাজি কল্যাণ সমিতির সাধারন সম্পাদক অধ্যাপক করিমুল ইসলাম প্রতিবাদ করলে মাহফিলের আয়োজক ওই তিন ভাই ক্ষিপ্ত হয়ে তাদের লোকজনসহ প্রতিবাদকারী অধ্যাপক করিমুল ইসলামের উপর চড়াও হয়ে লাঞ্চিত করে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আয়োজক তিন ভাইকে গ্রেফতার করা হয়েছে।