• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন |

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন স্থগিত

সিসি ডেস্ক, ২১ মার্চ ।। করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন স্থগিত করা হয়েছে। একইসঙ্গে স্থগিত করা হয়েছে বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনও।

শনিবার (২১ মার্চ) দুপুর ১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। নির্বাচন কমিশন সূত্র জানায়, ২১ মার্চের পর দেশে করোনা ভাইরাসের প্রকোপ থাকা পর্যন্ত আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না।

আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন, জাতীয় সংসদের বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের কথা ছিল। গত ২১ জানুয়ারি যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যুতে আসনটি শূন্য হয়। এছাড়া ১৮ জানুয়ারি বগুড়া-১ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে শূন্য হয় আসনটি।

এর আগে প্রধান বিরোধী দল বিএনপি বর্তমান পরিস্থিতিতে নির্বাচন স্থগিতের আহ্বান জানায়। দেশের বিশিষ্ট নাগরিক ও নির্বাচন বিশেষজ্ঞরাও এ নির্বাচন স্থগিতের পক্ষে।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার গতকাল শুক্রবার বলেছিলেন, দেশে নির্বাচন এমনিতেই অর্থহীন এবং আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। এবার করোনা আতঙ্কের মধ্যে এ নির্বাচন হবে মড়ার ওপর খাঁড়ার ঘায়ের মতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ