সিসি ডেস্ক, ১১ এপ্রিল ।। গোপালগঞ্জের মুকসুদপুর থানার এক পুলিশ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এজন্য ওই থানার ৬৫ জন পুলিশ সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরমধ্যে ৩০ জন আছেন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ও ৩৫ জন আছেন হোম কোয়ারেন্টাইনে।
শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আসলাম খান এ তথ্য নিশ্চিত করেন। আজ বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে এই ৬৫ জন পুলিশ সদস্যকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসলাম খান জানান, গোপালগঞ্জের মুকসুদপুর থানায় কর্মরত পুলিশ কনস্টেবল ৬ এপ্রিল জ্বর হলে ছুটি নিয়ে মানিকগঞ্জে নিজ বাড়িতে যান। পরে সেখান থেকে নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষায় দেখা যায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত। বর্তমানে ওই পুলিশ সদস্য মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
আসলাম খান আরো জানান, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জসহ (ওসি) সব সদস্য কোয়ারেন্টাইনে আছেন। এরমধ্যে ৩০ জন আছেন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। তবে ওসি হোম কোয়ারেন্টানে থেকেই নিজ দায়িত্ব পালন করছেন।
এদিকে, টুঙ্গিপাড়া উপজেলার ননী গোপালপুর গ্রামে এক যুবক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় ওই যুবকের বাড়িসহ আশপাশের ৬টি বাড়ি লকডাউন করা হয়েছে। এ নিয়ে জেলায় তিনজন করোনা রোগী শনাক্ত হলো।