• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন |

দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ১৯ মৃত্যু

সিসি ডেস্ক, ১৩ মে ।। দেশে নতুন করে ১ হাজার ১৬২ জনের দেহে নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ ছাড়া এই রোগে আক্রান্ত হয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। করোনায় একদিনে এটাই দেশে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড।

এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬৯-এ। একই সময়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ হাজার ৮২২ জনে।

বুধবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ সব তথ্য জানান।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) দেশের ৪১টি ল্যাবে আগের কিছু নমুনা মিলিয়ে ৭ হাজার ৯০০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আরও ১ হাজার ১৬২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২১৪ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৩৬১ জন।

নতুন করে মারা যাওয়া ১৯ জনের মধ্যে ১২ জন পুরুষ এবং সাতজন নারী বলে জানান নাসিমা সুলতানা। ঢাকার হাসপাতালেই ১৩ জন মারা গেছেন। মৃতদের মধ্যে একজন শিশুও রয়েছে বলে জানান তিনি।

স্বাস্থ্য বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকেই বাড়ছে এ রোগে আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা।

জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, বুধবার দুপুর আড়াইটা পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪২ লাখ ৬২ হাজার ৭৯৯ জন। এদের মধ্যে মারা গেছেন ২ লাখ ৯১ হাজার ৯৮১ জন। আর ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৪ লাখ ৯৩ হাজার ৬৬১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ