সিসি নিউজ ডেস্ক ।। কক্সবাজারের উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই হাজার ঘর পুড়ে যাওয়ার কথা জানিয়েছেন স্থানীয়রা। ৫ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাত ইউনিট। তাদের সঙ্গে উদ্ধারকাজে যোগ দিয়েছে সেনাবাহিনী ও বিজিবি।
সোমবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে বালুখালীর ৯ নম্বর ক্যাম্পে এ আগুনের সূত্রপাত হয়। আগুনে ক্যাম্পের ওই ব্লকটি পুড়ে যায়। সেই সঙ্গে আশপাশের সাতটি ব্লকে আগুন ছড়িয়ে পড়ে। এতে দুই হাজার ঘর পুড়ে গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে।
আগুনের সার্বিক পরিস্থিতি নিয়ে কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মো. মামুনুর রশীদ গনমাধ্যমকে বলনে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি কাজ করছে। বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুনের সূত্রপাত হলেও আরও সাত ক্যাম্পে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনে এখন পর্যন্ত প্রায় দুই হাজার ঘর পুড়ে গেছে।
আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়ে ডিসি বলেন, ফায়ার সার্ভিসের ট্যাংকারের পানি শেষ হয়ে গেলে সেনাবাহিনীর ট্যাংকার থেকে আগুন নিয়ন্ত্রণে পানি ছিটানো হয়। রোহিঙ্গা ক্যাম্পের ঘরে ঘরে থাকা গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে আগুনের তীব্রতা বৃদ্ধি পায়। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। এখন পর্যন্ত কেউ হতাহত হয়েছেন বলে আমরা খবর পাইনি।