• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন |

২৭ টাকা কেজি দরে ধান কিনবে সরকার

সিসি নিউজ ডেস্ক ।। চলতি বোরো মৌসুমে ছয় লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান এবং ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার দুপুরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে জানান, আগামী ২৮ এপ্রিল থেকে ধান সংগ্রহ করবে খাদ্য মন্ত্রণালয়। আর চাল সংগ্রহ শুরু হবে ৭ মে থেকে। সংগ্রহ শেষ হবে আগামী ৩১ আগস্ট।

খাদ্যমন্ত্রী জানান, কৃষক পর্যায় থেকে ২৭ টাকা কেজি দরে সাড়ে ছয় লাখ টন ধান কিনবে সরকার।

মন্ত্রী জানান, ৪০ টাকা কেজি দরে ১০ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল, ৩৯ টাকা কেজি দরে এক লাখ ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল কেনা হবে।

বোরো মৌসুমে চাল আমদানি অব্যাহত রাখা হবে কি-না এ সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বেসরকারি আমদানিটা বন্ধ হয়ে যাচ্ছে। যতটুকু এলসি খোলা হয়েছে তা আগামী ৩০ এপ্রিলের মধ্যে সব চাল আনতে হবে। ৩০ এপ্রিলের পর বেসরকারিভাবে আমদানির কোন চাল আর ঢুকবে না। কৃষকের ক্ষতি হতে পারে এই চিন্তা করেই আমরা ৩০ এপ্রিল পর্যন্ত সময় বেধে দিয়েছি। মাত্র চারদিন বাকি আছে।’

মন্ত্রী বলেন, ‘সরকারিভাবে আপৎকালীন মজুত বৃদ্ধির জন্য আমরা টেন্ডার করেছি, সেটার অনেকখানি এসেছে, আরও কিছু রাস্তায় আছে। সেগুলো আসবে। জুন পর্যন্ত যেটা (চাল) আমাদের লাগবে, আপৎকালীন মজুদ রাখতে হবে, সেই কন্ট্রাক্টের চালগুলো আসবে।’

এক প্রশ্নের জবাবে খ্যাদ্যমন্ত্রী বলেন, ‘সবাই সিন্ডিকেটের কথা বলি, কিন্তু কেউ সিন্ডিকেট ধরিয়ে দিতে পারি না। আমরাও চেষ্টা করেছি, কোনো সিন্ডিকেট পাইনি। সাপ্লাই বেশি থাকলে কোনো সিন্ডিকেট কাজ করে না। সিন্ডিকেট করে কেউ পার পাওয়ার সুযোগ নেই। সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব এই রকম কোনো স্টকের খোঁজ পান, আমরাও খোঁজে আছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ