সিসি নিউজ ডেস্ক ।। কুষ্টিয়া শহরের কাস্টমস মোড়ে প্রকাশ্যে অস্ত্রধারীর হামলায় শিশু সন্তানসহ এক নারী ও তার ছেলে বন্ধু নিহত হয়েছেন। এসময় এলাকবাসীরা পুলিশের এএসআই সৌমেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আজ রবিবার (১৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নারী আসমা (২৫), তার শিশু ছেলে রবিন (৭) ও ছেলে বন্ধু শাকিল (৩০)। শাকিল বিকাশের বিক্রয় কর্মী। নিহতদের সকলেই বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সাওতা গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় একটি দোকানের সামনে সৌমেন ও নিহতরা কথা বলছিলেন। হঠাৎই সৌমেন পিস্তল বের করে আসমার মাথায় গুলি করেন। গুলি তার মাথা ভেদ করে বেরিয়ে যায় এবং সাথে সাথে তিনি মারা যান। এরপর তিনি শাকিলকেও মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। এসময় রবিন দৌড়ে পালানোর চেষ্টা করলে সৌমেন তাকেও তেড়ে ধরে মাথায় গুলি করে। ততক্ষণে এলাকার লোকজন পুলিশের ওই সদস্যকে ধরে ফেলেন।
বিভিন্ন সুত্র জানায়, নিহত আসমার সাথে হত্যাকারী সৌমেনের বছর খানেক আগে বিয়ে হয়েছিল। রবিন আসমার আগের পক্ষের সন্তান। নিহত শাকিল ও হত্যাকারী সৌমেন বন্ধু ছিলেন। আসমার মাধ্যমেই সৌমেনের সাথে শাকিলের বন্ধুত্ব হয়। আসমার আগে সৌমেনও আরেকটি বিয়ে করে। সৌমেনের বাড়ি মাগুরা জেলায়। তিনি পুলিশের এএসআই কুষ্টিয়ার হালসা ক্যাম্পে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি খুলনার ফুলতলা থানায় কর্মরত।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।