সিসি নিউজ ডেস্ক ।। রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে।
রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে। তবে কীভাবে এই বিস্ফোরণ হয়েছে তাৎক্ষণিক তা জানা যায়নি।
বিস্ফোরণে ভবনটির নিচ তলা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বিস্ফোরণের শব্দে মৌচাক এলাকার অনেক ভবনের গ্লাস ভেঙে যায়। এছাড়া তিনটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসে থাকা প্রায় সব যাত্রী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মগবাজার ওয়ারলেসের উল্টো দিকে একটি তিন তলা ভবনের নিচ তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ভবনটির নিচে এসি এবং গ্যাসের সিলিন্ডার ছিল।
রমনা মডেল থানার টিআই লোকমান হোসেন জানান, ৫০ থেকে ৬০ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের প্রধান শাজাহান শিকদার জানান, বিস্ফোরণে মগবাজার ওয়ারলেস রেলগেটের পাশে একটি তিন তলা ভবন বিধ্বস্ত হয়েছে। এছাড়া পাশের আড়ং শোরুমের ১৪ তলা ভবনের ৪-৫ তলা পর্যন্ত জানালার কার্নিশ ধসে পড়েছে।