সিসি নিউজ ডেস্ক ।। আরও একধাপ এগিয়ে গেল পদ্মা সেতুর কাজ। পদ্মা সেতুর সড়ক পথের সর্বশেষ স্ল্যাব আজ সকালে সেতুর উপড়ে বসানো হয়েছে। এর মাধ্যমে মাওয়া থেকে জাজিরা পর্যন্ত সেতুটির সড়কপথের কাজ প্রায় শেষের পথে। এখন শুধু বাকি থাকল স্ল্যাবের ওপর দিয়ে পিচঢালাই।
স্ল্যাব বসানোর কাজ শেষ হওয়ার বিষয়ে পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুল কাদের বলেন, ‘সোমবার সকাল ১০টা ১২ মিনিটে সেতুর উপড়ে সর্বশেষ রোড স্ল্যাব বসানোর কাজ শেষ হয়েছে। আমাদের টার্গেট ছিল এ মাসের মধ্যেই এই কাজ শেষ করার। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করতে পেরেছি। এটা আমাদের জন্য একটা বড় অর্জন।
বর্তমানে সেতুর দুই পাশের প্যারাপেট ওয়ালের কাজও চলছে। প্রকল্প সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুম চলে গেলে আগামী অক্টোবর নভেম্বরের দিকে সেতুর উপড়ে কার্পেটিং বা পিচ ঢালায়ের কাজ শুরু হতে পারে। সেতুর সব কাজ শেষ হলে আগামী বছরের জুনে সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলের কথা রয়েছে।
আগেই শেষ হয়েছে পদ্মা সেতুর নিচ দিয়ে রেল চলাচলের অংশে দুই হাজার ৯৫৯টি রেল স্ল্যাব বসানোর কাজ। রেললাইনের অংশে বর্তমানে গ্যাস পাইপ লাইনের কাজ শুরু হয়েছে। তবে এখনো রেল লাইন বসানোর কাজ শুরু হয়নি।
৬ দশমিক ১৫ কিলোমিটার দ্বিতল পদ্মা সেতু মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরাকে যুক্ত করেছে। মূল সেতু নির্মাণের কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি)। নদীশাসনের কাজ করছে দেশটির আরেক প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।
অগ্রাধিকার তালিকায় থাকা এই মেগা প্রকল্পের নির্মাণকাজ শুরু হয় ২০১৪ সালের ডিসেম্বরে। এতে ব্যয় হচ্ছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।