• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন |

ধামাকার বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা

সিসি নিউজ ডেস্ক ।। ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকার বিরুদ্ধে ১১৬ কোটি ৬৮ লাখ টাকার মানিলন্ডারিং মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত (সিআইডি)। বৃহস্পতিবার রাজধানীর বনানী থানায় মামলাটি করা হয়।

বনানী থানার ওসি নূরে আজম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ধামাকার ব্যবস্থাপনা পরিচালক জসীম উদ্দিন চিশতীসহ ৬ জন এবং ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছে।

প্রতিষ্ঠানগুলো হলো- ধামাকার মালিকানা প্রতিষ্ঠান মাইক্রোট্রেড গ্রুপ, সহযোগী প্রতিষ্ঠান ইনভেরিয়েন্ট টেলিকম লিমিটেড এবং ইনভেরিয়েন্ট টেকনোলজি লিমিটেডের বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলার আসামিরা হলেন- ধামাকার ব্যবস্থাপনা পরিচালক জসীম উদ্দিন চিশতী, জসীম উদ্দিনের স্ত্রী ইনভেরিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইদা রোকসানা খানম, জসীম উদ্দিনের ছেলে একই প্রতিষ্ঠানের চেয়ারম্যান তাশফির রেদোয়ান চিশতী, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাজিমউদ্দীন আসিফ, পরিচালক মাশফিক রেদোয়ান চিশতী ও পরিচালক সাফওয়ান আহমেদ।

২০২০ সালের নভেম্বর মাসে যাত্রা শুরুর পর ধামাকা গাড়ি, বাইকসহ বিভিন্ন পণ্যে ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়ের ঘোষণা দিয়ে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম মোটা অঙ্কের টাকা তুলে নেয়। বিভিন্ন ব্র্যান্ডের গাড়িতে ৩৫ শতাংশ ছাড়ের অফারও দিয়েছিল প্রতিষ্ঠানটি। আকর্ষণীয় সব অফারের মাধ্যমে তারা গ্রাহকদের প্রতারিত করে আসছিলো। এসব অভিযোগের ভিত্তিতে ধামাকার ব্যবসায়িক কার্যক্রমের উপর তদন্ত করে এই আর্থিক কেলেঙ্কারির সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে সিআইডি।

সিআইডি আরও জানায়, প্রাথমিক তদন্তে ধামাকাসহ অন্তত ৫টি প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া গেছে। বাকি প্রতিষ্ঠানগুলোকে নিয়েও তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ