সিসি নিউজ ডেস্ক ।। কুমিল্লা সেই ইকবাল হোসেনসহ ৪ আসামিকে রিমান্ড শেষে আদালতে তোলা হবে শুক্রবার। কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন রেখে ধর্মীয় সহিংসতা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ইকবাল হোসেনসহ চার আসামিকে সাত দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হবে।
এর আগে গত শনিবার কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইকবাল হোসেনসহ চার আসামিকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ। আদালত তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশের একটি সূত্রে জানা যায়, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আরও সাত দিনের রিমান্ড চাইবে সিআইডি।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর কুমিল্লার নানুয়া দিঘির পাড়ে পূজামণ্ডপে কোরআন শরীফ রেখে ধর্মীয় সহিংসতা সৃষ্টি করা হয়। পরে সিসিটিভি ফুটেজ দেখে ঘটনায় জড়িত সন্দেহে ইকবাল হোসেন, দারোগাবাড়ী মাজারের খাদেম ফয়সাল ও হাফেজ হুমায়ুন কবীর এবং ট্রিপল নাইনে কল দিয়ে পুলিশকে অবহিত করা ইকরামকে গ্রেপ্তার করে পুলিশ। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।