সিসি নিউজ ডেস্ক।। ডিজিটাল বাংলাদেশে এখন আর শুধু চাকরি নয়, যুবসমাজ গড়ে উঠবে উদ্যোক্তা হিসেবে। তারা চাকরি না খুঁজে চাকরি দেওয়ার সক্ষমতা নিয়ে গড়ে উঠবে। ডিজিটাল বাংলাদেশ সে সুযোগ সৃষ্টি করেছে উল্লেখ করে দেশের যুবসমাজের প্রতি উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার যুবসমাজের সৃজনশীল বিকাশের ওপর গুরুত্ব দিচ্ছে। এ ক্ষেত্রে সজীব ওয়াজেদ জয়সহ তরুণ সংসদ সদস্য ও নেতৃত্ব একটা দিকনির্দেশনা তৈরি করেছেন। এরই মধ্যে দেশের ডিজিটাল রূপান্তর হয়েছে। এখন ইউনিয়ন পর্যায়ে ছেলেমেয়েরা আউটসোর্সিং করে আয় করছে। তারা ফ্রিল্যান্সিং করছে। শুধু দেশে নয়, ঘরে বসেই তারা সারা বিশ্বের নানা প্রান্ত থেকে আসা কাজ করছে।
প্রধানমন্ত্রী বলেন, একটি অ্যাপ তৈরি করা হয়েছে। এতে নয়টি ভাষা শেখার সুযোগ করে দেওয়া হয়েছে। এগুলোর সুবিধা এরই মধ্যে তরুণ-যুবারা নিতে শুরু করেছেন। তাঁরা নিজেরাই উদ্যোগ নিয়ে নিজেদের প্রতিষ্ঠান গড়ে তুলছেন। তিনি বলেন, ‘আমরা চাই যুবসমাজ চাকরি খুঁজবে না শুধু, তারা চাকরি দেবে। তারা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবে।