সিসি নিউজ ডেস্ক ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার ইচ্ছা আছে আমাদের প্রত্যেক বিভাগে একটি করে মেরিন একাডেমি চালু হবে। যেখানে আমাদের ছেলে-মেয়েরা কেবল প্রশিক্ষিতই হবে না দেশে বিদেশে তাদের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ হবে এবং আমাদের বেকার সমস্যা দূর হবে।
রোববার সকালে চট্টগ্রামস্থ বাংলাদেশ মেরিন একাডেমির ৫৬তম ব্যাচের ক্যাডেটদের ‘মুজিববর্ষ গ্র্যাজুয়েশন প্যারেড’ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে একাডেমির গ্রহণযোগ্যতা অনেক বৃদ্ধি পেয়েছে, কর্মসংস্থানে সুযোগ হয়েছে এবং সমুদ্র-বিশ্বের চাহিদা অনুযায়ী আমরা এবছর অর্থাৎ ২০২২ এর জানুয়ারি থেকে পাবনা, বরিশাল, রংপুর ও সিলেটে আরও চারটি মেরিন একাডেমির কার্যক্রম চালু করেছি।’
তিনি বলেন, ‘আমি আশা করি বাংলাদেশ মেরিন একাডেমি আগামী দিনে উচ্চ প্রযুক্তির সামুদ্রিক জাহাজ পরিচালনার জন্য যথেষ্ট দক্ষ মেরিন ক্যাডেট তৈরি করতে যথাযথ ব্যবস্থা নেবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘শুধুমাত্র বাংলাদেশ মেরিন একাডেমির প্রায় ৫ হাজার প্রশিক্ষিত ক্যাডেট সংশ্লিষ্ট ক্ষেত্রে সেবা প্রদানের মাধ্যমে প্রতি বছর আমাদের অর্থনীতিতে প্রায় ২৩০ মিলিয়ন মার্কিন ডলার যুক্ত করে থাকেন। তাছাড়াও, প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক পরিসরে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করে তারা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।’
শেখ হাসিনা বলেন, সমুদ্রসীমার মাধ্যমে বাংলাদেশের বিরাট সম্ভাবনা আছে। সমুদ্রের সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।
মেরিন ক্যাডেটদের সততা ও দক্ষতার সাথে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তোমরা বাংলাদেশের দূত হিসেবে কাজ কর। তোমাদের সততা দক্ষতা পরবর্তী ক্যাডেটদের পাথেয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে কৃতী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সিনিয়র ক্যাডেট ক্যাপ্টেন নাদিম আহমেদ রাষ্ট্রপতি স্বর্ণপদক লাভ করেন।প্রধানমন্ত্রীর পক্ষে ৫৬ ব্যাচের ক্যাডেটদের গ্রাজুয়েট ঘোষণা করেন একাডেমি কমান্ডেন্ট ড. সাজিদ হুসেইন।
এসময় প্রধানমন্ত্রী পাসিং আউট ক্যাডেটদের মনোজ্ঞ কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন এবং ক্যাডেটরা তাকে রাষ্ট্রীয় সালাম জানায়।
বাংলাদেশ মেরিন একাডেমির ৫৬তম ব্যাচের ৩৫৯ জন নতুন ক্যাডেট বিশ্ব সমুদ্রে পদার্পণ করছেন। এর মধ্যে ৩০০ জনের চাকরি দেশি-বিদেশি শিপিং কোম্পানি নিশ্চিত করেছে, বাকি ক্যাডেটদের চাকরি প্রক্রিয়াধীন। ৫৯ বছরে এ একাডেমি ৫ হাজার ৯০ জন ক্যাডেটকে প্রশিক্ষিত করেছে।
৫৬তম ব্যাচে নটিক্যাল শাখার ১৭২ জন, ইঞ্জিনিয়ারিং শাখায় ১৮৭ জন ক্যাডেটসহ ৩৫৯ জন ২ বছর মেয়াদি একাডেমিক ও রেজিমেন্টাল প্রশিক্ষণ সম্পন্ন করেছে।
এ বছর সমাপনী পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে নৌ শাখায় নাদিম আহমেদ ও প্রকৌশল শাখায় এম নাজমুল হোসেন মাহমুদকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের রৌপ্যপদক দেয়া হয়।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ৫৬তম ব্যাচের ক্যাডেটদের মধ্যে সবক্ষেত্রে সর্বোচ্চ কৃতিত্বের জন্য নাদিম আহমেদকে রাষ্ট্রপতি স্বর্ণপদকে ভূষিত করা হয়।