সিসি নিউজ ডেস্ক ।। ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, ইউক্রেনের সমর্থনে নিরাপত্তা জোট ন্যাটো ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে। ব্রাসেলসে এক বৈঠকে তিনি এ কথা বলেন। খবর বিবিসির। রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর থেকে প্রথমবারের মতো বৈঠকে বসেছে ন্যাটো।
বৈঠকে ন্যাটোর মহাসচিব বলেন, পশ্চিমা নেতারা ইউক্রেনকে ব্যাপক সামরিক সহায়তা দিয়েছেন। একই সঙ্গে তারা দিয়েছেন অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি। ‘বিশ্ব এ অর্থহীন যুদ্ধের নিন্দা জানাচ্ছে’, যোগ করেন স্টোলটেনবার্গ।
তিনি বলেন, ন্যাটোর মিত্র ও সহযোগীরা রাশিয়ার ওপর অভূতপূর্ব নিষেধাজ্ঞা আরোপ করছে এবং আমরা ইউক্রেনকে সমর্থন দেওয়ার বিষয়ে একাট্টা।
স্টোলটেনবার্গ বলেন, বহু বছর ধরে আমরা ইউক্রেনের হাজার হাজার সেনাকে প্রশিক্ষণ দিয়েছি এবং গুরুত্বপূর্ণ সরঞ্জাম তাদের দেওয়া হয়েছে যেন দেশটি আত্মরক্ষা করতে পারে।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রুশ সেনারা। ইতো মধ্যে পূর্ব ইউরোপের দেশটির বেশ কিছু শহর দখলে নিয়েছে মস্কো। এ ছাড়া বেশ কিছু শহর অবরুদ্ধ করে রাখা হয়েছে।