সিসি নিউজ ডেস্ক ।। বিএনপির আন্দোলনের খেলা মোকাবিলা করা কোনো ব্যাপার নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
সোমবার দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে টেলিভিশন শিল্পী, পরিচালক, প্রযোজক, কুশলীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, খালেদা জিয়া অসুস্থ, বিদেশ না নিলে মারাই যাবে- এসব কথা বলে বিএনপি নেতারা জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা চালিয়েছিল। কিন্তু পারেনি। এখন ইউক্রেন যুদ্ধ ও করোনার প্রেক্ষিতে পৃথিবীময় সংকট চলছে। বাংলাদেশ পৃথিবী থেকে বিচ্ছিন্ন দ্বীপ নয়। এই প্রেক্ষাপটে তারা জনগণকে বিভ্রান্ত করার এবং দেশে একটি বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালাচ্ছে। এর চেয়ে বেশি বিশৃঙ্খলা আমরা মোকাবিলা করে এসেছি। ২০১৩-১৪-১৫ সালে ওনারা যা করেছিল সেগুলো মোকাবিলা করেছি। তাদের এসব বিশৃঙ্খলা, হুমকি, আন্দোলন আন্দোলন খেলা মোকাবিলা করা আমাদের কাছে কোনো ব্যাপার নয়।
বিএনপি আন্দোলনের নামে সংকট সৃষ্টির চেষ্টা করছে দাবি করে হাছান মাহমুদ বলেন, বিএনপির উদ্দেশ্যই হচ্ছে দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা। সে উদ্দেশ্য নিয়েই তারা আন্দোলন আন্দোলন খেলার চেষ্টা করছে। যদিও জমাতে পারছে না।
‘তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানলে রাজপথে ফয়সালা হবে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, গত ১০ বছর ধরে রাজপথে ফয়সালার কথা বলে আসছে। কারণ তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে ১০ বছরের বেশি সময়ের আগে। তো গত ১০ বছর ধরে তারা এ কথা বলে আসছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এ বক্তব্য ছাড়া আর কোনো বক্তব্য নেই। তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, খালেদা জিয়ার হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, তারেক রহমানের শাস্তি, খালেদা জিয়ার স্বাস্থ্যের মধ্যে ওদের রাজনীতি ঘুরপাক খাচ্ছে।
এর আগে টেলিভিশন গণমাধ্যম প্রতিনিধিদের সাথে বৈঠক করেন তথ্যমন্ত্রী। অভিনয়শিল্পী, নাট্য পরিচালক ও প্রযোজকদের মধ্যে শম্পা রেজা, অরুণা বিশ্বাস, শামস সুমন, সাজ্জাদ হোসেন দোদুল, এস এম কামরুজ্জামান সাগর, নাজনীন হাসান চুমকী, সুমন শামস, প্রসুন বিশ্বাস, আমর শাইখ প্রমুখ বৈঠকে টিভি নাটকের বিকাশে তাদের মতামত তুলে ধরায় মন্ত্রী তাদের ধন্যবাদ জানান।