সিসি নিউজ।। প্রবাসী বাংলাদেশীসহ বিভিন্ন ব্যাক্তিকে থাই লটারী জিতিয়ে দেওয়ার প্রলোভনের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে নীলফামারী সৈয়দপুর থানা পুলিশ। আজ রোববার (১৬ এপ্রিল) সকালে শহরের জিআরপি মোড় থেকে গ্রেফতার করা হয়। এ সময় আসামীদের কাছ থেকে প্রতারণার উদ্দেশ্যে তৈরী ভিডিও, মোবাইল ফোনসহ অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, নীলফামারীর সৈয়দপুর শহরের পুরাতন মুন্সিপাড়ার আকরাম হোসেনের ছেলে শাহাদাত হোসেন সুমন (২৮) ও কয়ানিজপাড়া এলাকার মনির ফকিরের ছেলে মেহেরাজ শোভন (২২)।
মামলা সূত্র মতে, উল্লেখিত যুবকেরা প্রবাসী বাংলাদেশী ও অন্যান্য ব্যাক্তিদের থাই লটারীতে আকৃষ্ট করার উদ্দেশ্যে বিভিন্ন ভিডিও তৈরী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে। মিথ্যা পরিচয় ও তথ্য দিয়ে তৈরীকৃত এসব ভিডিওতে থাই লটারী জিতিয়ে দেওয়ার নিশ্চয়তা দিয়ে অর্থ হাতিয়ে নেওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে এ ধরনের ঘটনার খবর পেয়ে সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আহমদ উল্লাহ হক প্রধানের নেতৃত্বে পুলিশের কেটি দল অভিযান চালিয়ে প্রতারক চক্রের ওই দুই সদস্যকে আটক করে। পরে তাদেরকে থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে। এ সময় তাদের দেহ তল্লাশী করে প্রতারণার উদ্দেশ্যে তৈরী ভিডিও, মোবাইল ফোনসহ অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৩ (২)/২৪ (২)/৩৫ (২) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে সন্ধ্যায় আদালতের মাধ্যমে আসামীদের কারাগারে পাঠানো হয়।