সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জে নদীতে গোসল করতে নেমে আইয়ুব আলী (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলার বাহাগিলি ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি গ্রামে চাড়ালকাটা নদীতে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত জফির উদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানায়, কৃষক আইয়ুব আলী প্রতিদিনের ন্যায় সোমবার নদীর ধারে গরুকে ঘাস খাওয়ানোর জন্য যান। বিকালের দিকে গরু বেধে রেখে নদীতে গোসল করতে নামেন। এরপর সেখানে উপস্থিত লোকজন তাকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন। খোঁজাখুজির এক পর্যায়ে প্রায় এক কিলোমিটার ভাটি থেকে তার মরদেহ উদ্ধার করে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কুমার রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ওই কৃষকের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।’