ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান অভিযোগ করে বলেছেন, দুর্নীতির টাকায় আওয়ামী লীগ সম্মেলন করছে। বিশাল গেট করছে। কোটি কোটি টাকা খরচ করছে।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) প্রয়াত বিএনপি নেতা হান্নান শাহের স্মরণসভায় নোমান এ অভিযোগ করেন।
বিএনপির এই নেতা বলেন, বিএনপির সম্মেলনের জন্য স্থান বরাদ্দের ক্ষেত্রে সরকার নাটক সাজিয়েছিল। আর নিজেদের কাউন্সিলের জন্য রাজধানীর অর্ধেকটাই দখল করেছে, যা গণতান্ত্রিক আচরণ নয়।
নোমান বলেন, দেশবাসী আশা করে কাউন্সিলের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার বিষয়ে আওয়ামী লীগ কাজ করবে।
হান্নান শাহের মৃত্যু স্বাভাবিক ছিল না বলে মন্তব্য করে তিনি বলেন, তাকে হামলা, মামলার মাধ্যমে মানসিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। হান্নান শাহকে শহীদ বলে সম্বোধন করতে সকলের প্রতি আহ্বান জানান নোমান।