• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন |

ফিফার বর্ষসেরা গোলের তালিকায় মেসি-নেইমার

image-7484খেলাধুলা ডেস্ক: প্রতিবারের মতো এবারও দেয়া হবে বর্ষসেরা গোলের পুরস্কার ফিফা ‘পুসকাস’ অ্যাওয়ার্ড। এবারের ১০ জনের সংক্ষিপ্ত তালিকায় নাম রয়েছে লিওনেল মেসি ও তারই ক্লাব সতীর্থ নেইমারের। আছেন অ্যাটলেটিকো মাদ্রিদের সাউল নিগেসও। গত এক বছরে গোলগুলোর মধ্যে সেরাটির জন্য পুসকাস অ্যাওয়ার্ড দেয়া হয়। ২০১৬ পুসকাস অ্যাওয়ার্ডের জন্য ১০ জনের তালিকায় অবশ্য নেই এ বছরের ব্যালন ডি’অর পুরস্কার জয়ে সবচেয়ে ফেভারিট রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদোর।

গত কোপা আমেরিকার শতবর্ষী আসরের সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আর্জেন্টিনার ৪-০ গোলে জেতা ম্যাচে ফ্রি-কিক থেকে করা গোলটির জন্য মেসি পুসকাস অ্যাওয়ার্ডের ১০ জনের তালিকায় আছেন। নেইমার অসাধারণ এক ভলি থেকে গোল করেন লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে।

একক নৈপুণ্যে সাউলের গোলটি ছিল গত এপ্রিলে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লীগে। গত বছরের নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে অসাধারণ এক ভলি থেকে করা গোলটির জন্য ১০ জনের তালিকায় স্থান পেয়েছেন স্পেনের ফুল-ব্যাক মারিও গাসপার। বেলজিয়ামের বিপক্ষে ২০১৬ ইউরোর কোয়ার্টার-ফাইনালে দারুণ এক গোলের জন্য তালিকায় জায়গা করে নেন ওয়েলসের হ্যাল রবসন-কানু।

ফুটবলপ্রেমীদের ভোটের মাধ্যমে তিনজনের সংক্ষিপ্ত তালিকা করা হবে। এরপর আরেকবার ভোটের মাধ্যমে জয়ী নির্বাচন করা হবে। বর্ষসেরা গোলদাতার নাম ঘোষণা করা হবে আগামী ৯ জানুয়ারি ফিফা বর্ষসেরা পুরস্কারের রাতে। ২০০৯ সাল থেকে নিয়মিতভাবে পুসকাস অ্যাওয়ার্ডটি দেয়া হয়। ১৯৫০ সালে হাঙ্গেরিয়ান অধিনায়ক থাকা গ্রেট ফুটবলার ফ্রেঞ্চ পুসকাসের স্মরণে পুরস্কারটি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ