খেলাধুলা ডেস্ক : ভারতে প্রথমবারের মত আয়োজিত অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনাল শুরু হলো বলে। আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। শনিবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে অল ইউরোপ ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও স্পেন। প্রতিযোগিতাটি শুরু হওয়ার পর প্রথমবারের মত দুটি ইউরোপিয়ান দেশ বিশ্বকাপ ট্রফির জন্য মুখোমুখি লড়বে। দুই দলের কোনটিই আগে এই শিরোপা জেতেনি। তাই ফুটবল বিশ্ব যে এক নতুন চ্যাম্পিয়ন দল পাচ্ছে তা বলাই যায়। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শিরোপা লড়াই শুরু।
এর আগে ইংল্যান্ড তিনবারের শিরোপাজয়ী ব্রাজিল দলকে ৩-১ গোলে হারিয়ে দেয় সেমি ফাইনালে। স্পেনও একই ব্যবধানে হারায় মালিকে। ফাইনালের আগে দুই দলের সাম্প্রতিক মুখোমুখি পারফরম্যান্সে এগিয়ে থাকবে স্পেনই। এই বছরই তারা ইংল্যান্ডকে হারিয়ে জিতেছে অনুর্ধ্ব-১৭ ইউরোপ সেরার মুকুট।
ইংলিশ দলের প্রধান সমস্যা হল তারা ম্যাচের শেষ মুহূর্তে গিয়ে গোল হজম করে। ফলে অনেক সময়ই ম্যাচের ভাগ্য তাদের দিক থেকে ঘুরে যায়। দলটির বড় সুবিধা হচ্ছে তাদের অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। প্রতিটি ফুটবলারের মাঠে নিজেদের দায়িত্ব পালন করে। তাই দলটি যখন আক্রমণে যায় তখন তাদের থামানো কঠিন। বা যখন রক্ষণাত্মক ফুটবল খেলে তা ভাঙ্গা কঠিন হয়ে যায় প্রতিপক্ষের জন্য।
স্প্যানিশদের প্রধান শক্তি হল তাদের গতি এবং উইংয়ে খেলার সক্ষমতা। গতির কারণে দলটি প্রায় অপ্রতিরোধ্য হয়ে উঠতে সক্ষম। ডান উইংয়ে ফেরান টোরেস ও বাঁ উইংয়ে সার্জিও গোমেজ যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছেন এবারের টুর্নামেন্টে। আর দলটির দুর্বলতা রক্ষণে। টুর্নামেন্টে ৫টি গোল হজম করেছে তারা।
এই টুর্নামেন্টে সেরা ইংলিশ খেলোয়াড় হলেন ফরোয়ার্ড রিয়ান ব্রিউস্টার। বিশ্বকাপের নক আউট পর্বে হ্যাটট্রিক বিশেষ কিছু। এই বিশেষ কাজটিই ব্রিউস্টার করেছেন টানা দুবার- যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের বিপক্ষে। ৭ গোল নিয়ে এবারের টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা লিভারপুলের যুব দলের এই ফুটবলার।
অন্যদিকে স্পেনের আবেল রুইজও কম যান না। বার্সেলোনা ‘বি’ দলের এই ফরোয়ার্ড এখন পর্যন্ত করেছেন ৬টি গোল। দলকে এগিয়ে নিয়ে গেছেন প্রতিটি ম্যাচেই।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটিও অনুষ্ঠিত হবে শনিবারে। ব্রাজিল ও মালির এই খেলাটি ফাইনালের আগেই গড়াবে কলকাতার মাঠে।