খেলাধুলা ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে শুরু থেকে দারুণ খেলে আসলেও শেষটা জয়ে রাঙাতে পারেনি বাংলাদেশ। নিজেদের ব্যাটিং ব্যর্থতায় সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৩ উইকেটে হেরেছে টাইগাররা। তাই ম্যাচ শেষে সাক্ষাতকারে দলের বিভিন্ন বিভাগের পারফরম্যান্স নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলেছেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
রোববার ম্যাচ শেষে হাথুরুসিংহে বলেন, ‘আমার মনে হয়, আমাদের এখনো সেরা খেলার ধরন, পদক্ষেপ এবং কম্বিনেশনটা খুঁজে বের করা দরকার। টি-টোয়েন্টিতে আমরা এখনো উন্নতির পথে রয়েছি। তাই এটা বিবেচনা করে আমি বলতে পারি, এই ফরম্যাটে আমাদের আরো বহুদূর যেতে হবে।’
দলের ব্যাটিং নিয়ে হাথুরুসিংহে বলেন, ‘আমি শুধু একজন খেলোয়াড়কে ভালো করতে দেখতে চাই না। মনে হচ্ছে দলীয়ভাবে আমরা এখনো ভালো ব্যাটিং করতে পারি না। আদর্শগতভাবে এই ফরম্যাটে ৩০ বলের বেশি খেলে তার স্ট্রাইক রেট ১২০ এর বেশি থাকা উচিত। কিন্তু সেখানে আমরা ব্যর্থ হচ্ছি।’
তবে দলের বোলিং বিভাগের প্রশংসা করলেন হাথুরুসিংহে, ‘আমাদের বোলিং ইউনিট নিয়ে আমি সত্যিই খুব আনন্দিত। তারা নিজেদের দক্ষতা এবং গতি দিয়ে সেরাটা দেখানোর চেষ্টা করে।’
ব্যাটিংয়ে ভালো করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘ব্যাটিং ইউনিটে আমাদের ব্যক্তিগতভাবে নিজেদের সেরাটা খঁজে বের করতে হবে। এরপর দলীয়ভাবেও সেরা ধরনটা খুঁজতে হবে। ব্যক্তিগতভাবে টি-টোয়েন্টিতে ভালো ইনিংস কীভাবে গড়তে হয় খেলোয়াড়দের তা শেখা উচিত। মনে হয় না আমরা এখনো আমাদের আসল ধরন খুঁজে পেয়েছি। এশিয়া কাপের জন্য দু’মাস সময় রয়েছে। এর জন্য মানসিকভাবে আমাদের আরো তৈরী হতে হবে।’
তবে সব মিলিয়ে দলের অগ্রগতি নিয়ে হাথুরুসিংহে খুশি, ‘সততার সঙ্গে বলছি খেলোয়াড়রা এখন চ্যালেঞ্জ নিতে জানে। আমি তাদের সামনে থেকে তা দেখেছি। মানসিক পরিবর্তন, কঠিন পরিশ্রম এবং কিছু অভ্যাস পরিবর্তনের মাধ্যমে আমরা আমাদের ছেলেদের এসব চ্যালেঞ্জ গ্রহণের জন্য তৈরী করছি। তার প্রত্যেকেও বেশ ভালোই সাড়া দিচ্ছে।’