খেলাধুলা ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আজ বিকেলে ঢাকায় আসছেন ক্রিস গেইল। বরিশাল বুলসের পক্ষে মাঠ মাতাবেন এই ক্যারিবীয় তারকা।
শুক্রবার বিকেল ৫টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ক্রিস গেইলের। বিকেল সাড়ে ৫টায় রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন তিনি। বরিশাল বুলসের কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিপিএলের গত আসরে ঢাকা গ্ল্যাডিয়েটরের হয়ে খেলেছিলেন গেইল। বিপিএলের প্রথম আসরে বরিশাল বার্নার্সের হয়ে খেলেছিলেন তিনি।
গেইলকে বলা যায় টি-টোয়েন্টির ফেরিওয়ালা। বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-টোয়েন্টি লিগগুলোতে তার দারুণ কদর। সহজাত আক্রমণাত্মক ব্যাটিং স্টাইল ও শক্তিমত্তার কারণে টি-টোয়েন্টিতে খুব কার্যকর তিনি। এই সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে সবচেয়ে সমৃদ্ধ ক্যারিয়ার তার। টি-টোয়েন্টিতে ২৬৭টি আন্তর্জাতিক ও লিগ ম্যাচে ১৭টি সেঞ্চুরি ও ৬৫টি হাফসেঞ্চুরি করেছেন গেইল। বল হাতে নিয়েছেন ৮৭টি উইকেট।