নাটোর : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শোভাযাত্রা করায় জেলার বড়াইগ্রাম পৌরসভার আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আব্দুল বারেক সরদারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বানু তাকে এই জরিমানা করেন।
বড়াইগ্রাম পৌরসভার রিটানিং কর্মকর্তা রুহুল আমীন জানান, আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আব্দুল বারেক সরদারের পক্ষে একটি মোটরসাইকেল শোভাযাত্রা পৌরসভার লক্ষীকোল বাজার থেকে শুরু হয়ে মৌখড়া বাজারে পৌঁছায়। এ সময় খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বানু সেখানে পৌঁছে আদালত বসিয়ে আচরণবিধি লঙ্ঘন করায় ১১(২) ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করেন। মেয়র প্রার্থীর পক্ষে তার ভাই বাখের সরদার জরিমানার টাকা পরিশোধ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বানু বলেন, নির্বাচন স্বচ্ছ ও নিরোপেক্ষ করতে প্রয়োজনীয় সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে কোনো প্রার্থীকেই বিশেষ সুবিধা দেওয়া হবে না।