কুমিল্লা : কুমিল্লার লাকসাম পৌরসভা নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে ভোটারদের মধ্যে টাকা বিতরণসহ সামাজিক প্রচার মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগ করা হয়েছে।
রোববার রিটার্নিং অফিসার কার্যালয়ে পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বাহার উদ্দিন টাকা বিতরণের আলোকচিত্রসহ এ লিখিত অভিযোগ করেন।
অভিযোগে জানা যায়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ওই ওয়ার্ডে তার প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী আবদুল আজিজ প্রকাশ্যে ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছেন। একই সঙ্গে ওই প্রার্থীর মনোনয়নপত্রে সমর্থনকারী আবুল কালাম আজাদ তার ফেসবুক আইডি থেকে বাহার উদ্দিনকে নিয়ে নানা কুরুচিকর মন্তব্য ও বিভিন্ন মিথ্যা কল্পকাহিনি প্রচার করে তার সুনাম ক্ষুণ্ন করছেন।
কাউন্সিলর প্রার্থী আবদুল আজিজ অভিযোগ অস্বীকার করে বলেন, লাকসামে বন্যাকালীন সময়ে টাকা বিতরণের আলোকচিত্র জমা দেওয়া হয়েছে। এটা ভোটের টাকা বিতরণের আলোকচিত্র নয়।